বারো দিনের বাদশাহি
তারা থাকত সরকারি ডাকবাংলোয়, গাড়ি রাখত থানায়, খানাপিনা দামি হোটেলে। চলত বিরাট আকারের ভিডিও ক্যামেরা নিয়ে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ঝাঁকবেঁধে তাদের সঙ্গী হতেন। অনেক সময় সরকারি কর্মকর্তারাও তাদের সঙ্গী হয়ে ধন্য হতেন। বিটিভিতে মুখদেখানো বলে কথা। এক নিমিষে সারা দেশে তারকা বনে যাওয়ার সুযোগ কে আর হেলায় হাতছাড়া করে! বাদশাহি হালেই কাটছিল তাদের সময়। জাল ফেলেছিল তারা চমৎকার কিন্তু ঠিক গুটিয়ে আনার সময়েই ফাঁস হয়ে গেছে সব। টানা ১২ দিন সারা উপজেলা চষে বেড়িয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংসদ অবধি সবাইকে প্রতারণার ফাঁদে ফেলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে শেষটায় ধরা পড়েছে ‘বিটিভির সাংবাদিক ও ইউএনডিপির প্রকৌশলী’ পরিচয় দেওয়া প্রতারক দল। অবশেষে তাদের আশ্রয় এখন শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।প্রতারকেরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামের এম এ মাহিম, জুয়েল রানা, ধনু মিয়া, জাহিদুল ও ঢাকার রামপুরার হোসেন। এঁদের মধ্যে জাহিদুল ও হোসেন সটকে পড়েন।উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান জানান, গত ২২ এপ্রিল এম এ মাহিম সঙ্গীদের নিয়ে একটি ঝকঝকে মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-১৪-১৯০৯) করে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। তাঁরা বিটিভির সাংবাদিক ও ইউএনডিপির প্রকৌশলী বলে পরিচয় দেন। সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার সংবাদ প্রকাশ ও রাস্তাঘাট, সেতু এবং প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে মাঠজরিপ করতে এসেছেন বলে জানান। দলের নেতা-কর্মীরা তাঁদের সরকারি ডাকবাংলোয় থাকা এবং ফুলপুরের নামী হোটেলে খাওয়ার ব্যবস্থা করেন।তাঁরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও চিত্রগ্রহণের ভান করতে থাকেন। তাঁরা স্থানীয় সাংসদ হায়াতোর রহমান খানেরও সাক্ষাৎকার নেন। থানায় তাঁদের গাড়ি থাকত। কেউ তাঁদের সন্দেহ করেনি। একপর্যায়ে তাঁরা উন্নয়নের কথা বলে লোকের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন।মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায় পাকা রাস্তা করার কথা বলে তাঁর কাছ থেকে ২০ হাজার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ কুতুব চৌধুরীর কাছ থেকে ১৫ হাজার, রহিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতার কাছ থেকে ২০ হাজার, সাংসদের পিএস এবাদুর রহমানের কাছ থেকে ১৫ হাজার, পৌর মেয়র শাহজাহানের কাছ থেকে পাঁচ হাজার, ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. করিমের কাছ থেকে তিন হাজার—এমন করে আরও অনেকের কাছ থেকে তাঁরা হাজার হাজার টাকা হাতিয়ে নেন। উপজেলার সদ্য নির্মিত শেখ মুজিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হোসেনের গ্রামের বাড়ি চরপাড়ায় তাঁরা গিয়েছিলেন কলেজ উন্নয়নের বরাদ্দ পাইয়ে দেওয়ার জন্য টাকা আনতে। এতে প্রশাসনের সন্দেহ হয়। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তারাকান্দা থানার পুলিশের সহযোগিতায় গত বুধবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নে গিয়ে মাইক্রোবাসসহ তাঁদের আটক করে। তাঁদের মধ্যে থেকে দুজন কৌশলে সটকে পড়েন। বিটিভির প্রতিবেদক পরিচয়দানকারী এম এ মাহিম প্রতারণার কথা স্বীকার করেন। এ ঘটনায় উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের ময়মনসিংহ আদালতে পাঠায় পুলিশ। সাংসদ হায়াতোর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘বিটিভির সাংবাদিক পরিচয় দেওয়ায় আমি বক্তব্য দেই। পরে শুনি ওরা প্রতারক।’ তাঁদের মাইক্রোবাসে করে ঘোরাফেরা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘আসলে প্রথমে বুঝতে পারি নাই যে এরা এত বড় প্রতারক।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া খাতুন বলেন, ‘বিটিভির সাংবাদিক পরিচয় দেওয়ায় তাঁদের ডাকবাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়। ওরা প্রতারক হবে, এ কথা ভাবতেও পারিনি।’ ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মতিন বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মী তাঁদের সঙ্গে থাকতেন এবং বলতেন, তাঁরা বিটিভির সাংবাদিক। তাই আমরা সেভাবে খোঁজ নিইনি।’