বারোই খালে সেতু নেই, ঝুঁকি নিয়ে সাঁকো পার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বারোই খালের ওপর সেতু নেই। এ কারণে শিশুসহ ইউনিয়নটির ৩ গ্রামের অন্তত ১০ হাজার মানুষকে বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
রাঙ্গাবালী বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি দ্বীপচর। এই উপজেলার বিচ্ছিন্ন একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) বড়বাইশদিয়া। ইউপি চেয়ারম্যান আবু হাসনাত আবদুল্লাহ বলেন, ওই তিন গ্রামের মানুষের দুর্ভোগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাঁকোটির স্থানে সেতু নির্মাণের জন্য এলজিইডি কার্যালয়ে জানানো হয়েছে।
ইউপির কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রামনাবাদ নদের শাখা বারোই নদের মুখে বাঁধ দিয়ে স্লুইসগেট বসানো হয়। এরপর শাখানদটি শুকিয়ে খালে পরিণত হয়। এ মরা খালটি এলাকায় বারোই খাল নামে পরিচিত। খালটির পূর্ব পারে রয়েছে গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পারে পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসা। খালের দুই দিকে ফেলাবুনিয়া ও স্লুইস ঘাট গ্রাম। এ কারণে বিদ্যালয়-মাদ্রাসায় যাতায়াত ও গ্রামের মানুষের চলাচলের জন্য স্থানীয় ব্যক্তিরা গাববুনিয়া গ্রামের আজিজ দস্তুরির বাড়ির সামনে বাঁশ দিয়ে ৪০ ফুট লম্বা সাঁকো তৈরি করেছে। এ ছাড়া উপজেলা সদরে যাতায়াতের জন্যও সাঁকোটি ব্যবহার করতে হয়। না হলে তিন থেকে চার কিলোমিটার পথ ঘুরতে হয়। তখন ভোগান্তি আরও বাড়ে।
এলাকার কয়েকজন বলেন, ৩টি গ্রামের অন্তত ১০ হাজার নারী-পুরুষ ও শিশু সাঁকোটি দিয়ে চলাচল করে। শিক্ষার্থীরা স্থানীয় স্কুল ও মাদ্রাসা ছাড়াও সাঁকো পাড়ি দিয়ে উপজেলা সদরে কলেজে গিয়ে লেখাপড়া করে। বর্ষা মৌসুমে সাঁকোটি পারাপার হতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়, রামিন ও রাব্বী বলে, প্রতিদিন তাদের ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয়। বর্ষাকালে বেশি কষ্ট হয়। তখন সাঁকোটি পিচ্ছিল থাকে। অনেক সময় সাঁকো থেকে পড়ে পানিতে ভিজে বাড়ি ফিরতে হয়।
গাববুনিয়া গ্রামের মো. আলতাফ হোসেন বলেন, শিশুরা সাঁকো পাড়ি দিয়ে স্কুলে গেলে না ফেরা পর্যন্ত উদ্বিগ্ন থাকতে হয়। সাঁকোটির স্থানে একটি সেতু নির্মিত হলে গ্রামের মানুষের ভোগান্তি কমবে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলী বেগম বলেন, যখন শুনি কেউ সাঁকো থেকে পড়ে গেছে, তখন ভয় হয়। প্রতিদিনই শিক্ষার্থীদের সাবধানতার সঙ্গে সাঁকো পারাপার হতে বলে দিতে হয়। ওই স্থানে একটি সেতু হলে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার মানুষের দুর্ভোগ কমবে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. সেকান্দার আলী প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গাবালী নতুন উপজেলা। এই উপজেলায় এখন নতুন করে উন্নয়নকাজ চলছে। সাঁকোর স্থানে সেতু নির্মাণের ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।’