বার্গম্যানের দণ্ডাদেশ সমালোচনার পথ সংকুচিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে দণ্ডাদেশ যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া নিয়ে পর্যবেক্ষকদের মন্তব্যের সংকীর্ণ সুযোগকে আরও সংকুচিত করেছে। এ সাজা বাক্স্বাধীনতার জন্য হতাশাজনক। সমালোচনা থামাতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ‘ব্যাপক পরিসরে আদালত অবমাননাসংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করছে।’
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দণ্ড দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল লন্ডনভিত্তিক মানবাধিকার ও লেখকদের সংগঠন পেন ইন্টারন্যাশনাল। পাশাপাশি এ দণ্ডাদেশ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ারও আহ্বান জানিয়েছিল সংগঠনটি।
বিবৃতিতে লন্ডনভিত্তিক অ্যামনেস্টির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পরিচালক রিচার্ড বেন্নেত অভিযোগ করেন, ‘মত প্রকাশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান দেখানোর বদলে আইসিটি আদালত অবমাননাসংক্রান্ত ক্ষমতা তাঁর কিছু সমালোচক ও ওই সব অভিযুক্ত ব্যক্তি যাঁদের আপিলের কোনো অধিকার নেই তাঁদের বিরুদ্ধে ব্যবহার করেছেন।’ তিনি বলেন, ‘বার্গম্যানের দণ্ডাদেশ সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের কাছে এ হতাশাব্যঞ্জক বার্তাই পাঠায়, আইসিটি নিরপেক্ষ সমালোচনা সহ্য করবে না।’
বিবৃতিতে এইচআরডব্লিউর এশীয় পরিচালক ব্র্যাড অ্যাডামস প্রশ্ন তোলেন, ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়ার সমালোচনা করায় একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি আদালত অবমাননার অভিযোগ আনা হয়, তবে যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন র্যা পের বিরুদ্ধে কেন অভিযোগ আনা হবে না, যিনি একই ধরনের অসংখ্য উদ্বেগের বিষয় সামনে এনেছেন।
বিবৃতিতে ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টসের এশীয় পরিচালক স্যাম জারিফি বলেন, সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রকৃতপক্ষে ন্যায়বিচারের অঙ্গীকারের প্রতি আদালতের আস্থাকে আরও সীমাবদ্ধ করবে।

আইসিটির বিচার-প্রক্রিয়া নিয়ে লেখালেখিকে কেন্দ্র করে আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দিন আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ওই সময় পর্যন্ত তাঁকে এজলাসে দাঁড়িয়ে থাকতে হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দণ্ডের সঙ্গে বার্গম্যানের পাঁচ হাজার টাকাও জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হওয়া সাপেক্ষে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।