বার্গম্যানের পক্ষে বিবৃতিদাতাদের ১৪ জন ক্ষমা পেলেন
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে ১৪ জনকে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকিদের বিষয়ে শুনানির জন্য ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে ৪৯ জন বিবৃতি দিয়েছিলেন। পরে তাঁদের মধ্যে ১৪ জন আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান। তাঁরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও রাশেদা কে চৌধূরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, শাহনাজ হুদা ও আমেনা মহসীন, বাংলাদেশ শিশু বিকাশ কেন্দ্রের জাতীয় সমন্বয়ক নায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার এবং মানবাধিকারকর্মী জাকির হোসেন ও ইলিরা দেওয়ান।
তবে বাকি ৩৫ জনের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ নয়জন নিজে হাজির হয়ে ট্রাইব্যুনালে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। লিখিত ব্যাখ্যায় তাঁরা বলেছেন, ‘আমাদের বিবৃতি ও আচরণে “জনমনে ট্রাইব্যুনালের কর্তৃত্ব ও প্রাতিষ্ঠানিক সম্মানকে খর্ব করা” কিংবা “উন্মুক্ততা ও স্বচ্ছতা” বিষয়ে প্রশ্ন উত্থাপনে কোনো অভিপ্রায় ছিল না এবং এ ধরনের কোনো ধারণা অনবধানতাবশত প্রতীয়মান হয়ে থাকলে সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
দেশের ৫০ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে গত বছরের ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন। পরে ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে ৪৯ জন বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা জানতে চান।