বার্গম্যানের বিরুদ্ধে শুরু হলো অভিযোগের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৫ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরুর নির্দেশ দিয়ে ১১ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদেশে ট্রাইব্যুনাল বলেন, নিজের লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে বার্গম্যানের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়। এ জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করা হোক। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় বার্গম্যানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, ১৫ দিনের মধ্যে বার্গম্যানকে তার জবাব দিতে হবে। গতকাল ট্রাইব্যুনালে বার্গম্যান ছাড়াও তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মিজান সাঈদ, এনামুল কবির প্রমুখ।
মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি বার্গম্যানের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ এ-সংক্রান্ত আবেদন করলে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান। ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। পরে ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বার্গম্যান এ বিষয়ে ব্যাখ্যা দিলে এর ওপর শুনানি হয়। পরে আদেশের জন্য গতকাল দিন ধার্য করা হয়েছিল।
সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ ‘অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের প্রতিবেদনের জন্য এর লেখক ডেভিড বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক নূরুল কবীর ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশের সময় ট্রাইব্যুনাল বার্গম্যানকে ‘সর্বোচ্চ সতর্ক’ করে দিয়ে বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ ‘অত্যন্ত অবমাননাকর।’