বার্গম্যানের বিষয়ে আদেশ ১ ডিসেম্বর
ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ১ ডিসেম্বর আদেশ দেওয়া হবে।
আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের এ তারিখ ধার্য করেন।
গত ৪ সেপ্টেম্বর বিষয়টির ওপর শুনানি শেষে আজ আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু ট্রাইব্যুনাল আজ আদেশের তারিখ পুনর্নির্ধারণ করেন।
মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ ব্যাখ্যা চান।
ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডটকম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। পরে এ বিষয়ে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান।