বার্গম্যানের বিষয়ে আদেশ ১৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১৩ অক্টোবর তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ বার্গম্যানের বিরুদ্ধে অবমাননা অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়। আজ দ্বিতীয় দিনের মতো বার্গম্যানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মিজান সাঈদ।

মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ ব্যাখ্যা চান। ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডটকম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্প­শন’ ও ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’।

পরে এ বিষয়ে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চান।