ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়। গতকাল দ্বিতীয় দিনের মতো বার্গম্যানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মিজান সাঈদ।
শুনানিতে মিজান সাঈদ বলেন, ডেভিড বার্গম্যান স্বভাবগতভাবে আদালত অবমাননাকারী। এর আগেও তাঁকে আদালত অবমাননার দায়ে সতর্ক করা হয়েছে। এই বক্তব্য নাকচ করে দিয়ে মোস্তাফিজুর রহমান খান বলেন, বার্গম্যান তাঁর লেখায় গঠনমূলক সমালোচনা করেছেন।
মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান। আবেদনে বলা হয়, বার্গম্যানের ব্লগে (বাংলাদেশ ওয়ার ক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) তিনটি লেখায় শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। এ বিষয়ে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান।