বার্গম্যানের বিষয়ে আদেশ ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার আদেশের দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনাল জানান, লিখিত আদেশ প্রস্তুত করা শেষ না হওয়ায় আদেশের দিন পুনর্নির্ধারণ করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর ওই আদেশ দেওয়া হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান। ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) প্রকাশিত তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। লেখাগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনঅ্যাডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’।
পরে এ বিষয়ে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান। বার্গম্যান জবাব দেওয়ার পর এ বিষয়ে শুনানি হয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মিজান সাঈদ, বার্গম্যানের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। গত ৪ সেপ্টেম্বর শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেছিলেন।
এ অভিযোগে দোষী প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে বার্গম্যান সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।