বার্গম্যানের বিষয়ে পরবর্তী শুনানি ২৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি ২৫ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি করেন আবেদনকারীপক্ষের আইনজীবী মিজান সাঈদ ও বার্গম্যানের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। শুনানিতে মিজান সাঈদ বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও ট্রাইব্যুনালের রায় নিয়ে ডেভিড বার্গম্যান তাঁর ব্যক্তিগত ব্লগে যে মন্তব্য করেছেন, তাতে আদালত অবমাননা হয়েছে।
তবে মোস্তাফিজুর রহমান খান বলেন, তাঁর মক্কেলের মন্তব্যের যে অংশে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানালে জবাব দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি বার্গম্যানের কাছে ব্যাখ্যা চান এই ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ ব্যাখ্যা চান। ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। পরে এ বিষয়ে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।