মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ৬ মার্চ বার্গম্যানকে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দিতে হবে।
বার্গম্যান ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন। ওই আবেদন অনুসারে সাংবাদিক বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস-১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’; ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস-২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস।’
রাষ্ট্রপক্ষ জানায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং দলটির সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে দেওয়া রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ৩০ লাখ মানুষ শহীদ হন, আড়াই লাখ নারী সম্ভ্রম হারান আর প্রায় এক কোটি মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু বার্গম্যান তাঁর ব্লগে লিখেছেন, ট্রাইব্যুনালের রায়ে দেওয়া এসব তথ্যের কোনো ভিত্তি নেই। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার একটি সম্পাদকীয় থেকে এই সংখ্যাটির উত্পত্তি। রাষ্ট্রপক্ষ এসব তথ্য প্রমাণ করেনি, কিন্তু ট্রাইব্যুনাল সেগুলো সাধারণ জ্ঞান (কমন নলেজ) হিসেবে আমলে নিয়েছেন।
সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ পত্রিকায় ‘অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের প্রতিবেদনের জন্য এর লেখক ডেভিড বার্গম্যান, পত্রিকার সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশের সময় ট্রাইব্যুনাল বার্গম্যানকে ‘সর্বোচ্চ সতর্ক’ করে দিয়ে বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ ‘অত্যন্ত অবমাননাকর’।