বার্গম্যানের সাজা প্রত্যাহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা খুব বেশি না, ৬৫ মার্কিন ডলারের মতো (পাঁচ হাজার টাকা)। কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বার্তা ‘অশুভ’। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে নিহত ব্যক্তিদের আনুষ্ঠানিক সংখ্যা ৩০ লাখ নিয়ে একজন যদিও যৌক্তিকভাবে ও শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন তুলেছেন, এতেই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হলেন তিনি।
গত মঙ্গলবার প্রভাবশালী নিউইয়র্ক টাইমস পত্রিকার সম্পাদকীয়তে সাংবাদিক ডেভিড বার্গম্যানের দণ্ডাদেশ ও সাজার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করা হয়েছে। দণ্ডাদেশ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয় এতে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ২ ডিসেম্বর কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করতে গঠন করা হয় ওই ট্রাইব্যুনাল। ডেভিড বার্গম্যান বাংলাদেশে বসবাসকারী একজন সম্মানিত সাংবাদিক। যেকোনো ভালো সাংবাদিকের মতোই বার্গম্যানও তাঁর প্রতিবেদনে মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এতে আদালতের রোষে পড়েছেন তিনি।
নিহত ব্যক্তিদের সংখ্যা ৩ লাখ থেকে ৩০ লাখ, যেটাই হোক না কেন—বার্গম্যান তাঁর এ অবস্থানে অটল রয়েছেন যে, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং যাঁরাই এ অপরাধ করেছেন, তাঁদের বিচার হওয়া উচিত। কিন্তু এটা বাংলাদেশের ট্রাইব্যুনালের জন্য যথেষ্ট নয়। নিহত ব্যক্তিদের স্বীকৃত সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন সহ্য করেন না ট্রাইব্যুনাল।
আদালত বার্গম্যানকে ‘জাতির আকাঙ্ক্ষা ও পবিত্র অনুভূতির’ অমর্যাদা এবং অবমাননা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। এটা বাক্স্বাধীনতা, বৈধ সাংবাদিকতা ও ঐতিহাসিক অনুসন্ধানের ওপর আদালতের আক্রমণ; যা বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের জন্য অমর্যাদাকর ও অবমাননাকর।
বাংলাদেশে সাংবাদিকতা এক বিপজ্জনক পেশা। সরকার ও ইসলামি চরমপন্থীদের বিরুদ্ধে লেখার কারণে এখানে স্থানীয় পর্যায়ের সাংবাদিকেরা শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন, এমনকি মারাও গেছেন। আদালত অবমাননার অভিযোগে হিউম্যান রাইটস ওয়াচ ও দি ইকোনমিস্ট পত্রিকারও বিচার করেছেন ট্রাইব্যুনাল।
কোনো আনুষ্ঠানিক নির্দেশনার বিষয়ে বৈধ সমালোচনামূলক মতামত জানার ও নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিক ও এখানকার অধিবাসীদের। বাংলাদেশের ঐতিহাসিক তথ্য-উপাত্ত নিয়ে শাস্তির ভয়ভীতি ছাড়াই সাংবাদিক ও গবেষকদের অবশ্যই বৈধ অনুসন্ধানের সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি সত্যিই ন্যায়বিচার চান, তবে অবিলম্বে বার্গম্যানের ওপর থেকে দণ্ডাদেশ ও সাজা প্রত্যাহার করা উচিত।