বার্গম্যানের সাজায় উদ্বেগ পেন ইন্টারন্যাশনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেন ইন্টারন্যাশনাল।
গত মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার ও লেখকদের এই সংগঠন। উদ্বেগ প্রকাশের পাশাপাশি বার্গম্যানের সাজা ও তাঁর দণ্ডাদেশ অবিলম্বে প্রত্যাহার করারও আহ্বান জানায় সংগঠনটি।
আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানকে গত মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দিন আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ওই সময় পর্যন্ত তাঁকে এজলাসে দাঁড়িয়ে থাকতে হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দণ্ডের সঙ্গে বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেন। জরিমানা দিতে ব্যর্থ হওয়া সাপেক্ষে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
পেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জন রালস্টন সল বলেন, ‘ডেভিড বার্গম্যানকে সাজা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি সাংবাদিকতার পেশাগত দায়িত্বটুকুই কেবল পালন করেছেন এবং মানুষের মধ্যে প্রচলিত বিতর্ক নিয়ে লিখেছেন। নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে অনুসন্ধানের কারণে তাঁকে আদালত অবমাননা বা কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা যায় না। এ ধরনের রায় তাঁর নিজের ও তাঁর পরিবারের কষ্টের কারণ। তা ছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সুনামও ক্ষুণ্ন হয় এতে...।’
এ ছাড়া ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও ইনডিপেনডেন্ট বার্গম্যানের দণ্ডাদেশ নিয়ে প্রতিবেদন করেছে।