বার্গার-এ-কেল্লা ফতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বোন মিলে লালবাগে দিয়েছেন খাবারের দোকান। ছবিটি সম্প্রতি ঢাকেশ্বরী রোড থেকে তোলা l প্রথম আলো
তিন বোন মিলে লালবাগে দিয়েছেন খাবারের দোকান। ছবিটি সম্প্রতি ঢাকেশ্বরী রোড থেকে তোলা l প্রথম আলো

কেউ বলেছেন ‘পারবে না’। কেউ কেউ বলেছেন ‘খাবারের দোকানের ব্যবসা মেয়েদের কাজ না। বিউটি পারলার বা বুটিকের ব্যবসা করো।’ তবু তাঁরা থেমে যাননি। তিন বোন মিলে শুরু করেছেন একটা ছোট ব্যবসা। স্বপ্ন দেখছেন একসময় এটিই হবে ঢাকার সবচেয়ে নামী খাবারের দোকান।
ফাহমিদা মিশু, সাফায়েত আরা আর সাদিয়া আফরিন। তাঁদের দোকান ‘বার্গার-এ-কেল্লা ফতে’।
সম্প্রতি এক সন্ধ্যায় ৩০/১ ঢাকেশ্বরী রোডের দোকানটিতে গিয়ে দেখা যায় উপচে পড়া ভিড়। ছোট দোকানটিতে গাদাগাদি করে বসে লোকজন বার্গারের স্বাদ নিচ্ছেন। ভেতরে জায়গা না পেয়ে অনেকে পথে দাঁড়িয়ে বার্গারে কামড় বসাচ্ছেন। বড় বোন ফাহমিদা ক্রেতাদের বসার জায়গা করে দিচ্ছেন। মেজ বোন সাফায়েত বসেছেন কাউন্টারে। আর সবার ছোট সাদিয়া খাবার পরিবেশনের দায়িত্ব নিয়েছেন। খাবার শেষে ক্রেতাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তাঁদের মন্তব্য ও পরামর্শ।
তিন বোনের এই উদ্যোগের গল্প জানতে কথা হয় তাঁদের সঙ্গে। দোকানের নাম সম্পর্কে তাঁরা বললেন, ‘কেল্লা ফতে অর্থ বাজিমাত। আমরা তিন বোন বাজিমাত করতে এসেছি।’
বড় বোন ফাহমিদা একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করতেন। এখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সব সময়ই ভাবতাম বোনেরা মিলে কিছু একটা করব। একদিন লালবাগে বিরিয়ানি খেতে আসার পর ও (সাফায়েত) বলল, এখানে করলে কেমন হয়? প্রথমে সন্দেহ ছিল এই এলাকায় কি বার্গার চলবে? কিন্তু সাহস করে শুরু করে দিই।’
এই তিন কন্যার নিজেদের ঠিকানা খিলগাঁও। এলাকা ছেড়ে এত দূর এসে দোকান করার ব্যাপারটা খোলাসা করলেন মেজ বোন সাফায়েত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। পাশাপাশি ইউনিসেফে দোভাষী এবং অনুবাদক হিসেবেও কাজ করছেন তিনি। বললেন, ‘নিজেদের এলাকায় সব পরিচিত। সেই কমফোর্ট জোন (স্বস্তির জায়গা) থেকে বের হয়ে আসাটাকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
দোকানের নামের মতো এর পদগুলোর নামও আলাদা, ‘ছোট নবাব’, ‘বড় নবাব’, ‘বাদশাহ’—এগুলো বার্গারের নাম। আর আছে চকলেট কোল্ড কফি। দাম ৪৫ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। ফাহমিদা বললেন, ‘আমরা চাই কম দামে সবচেয়ে টাটকা খাবার দিতে। তাহলে সবার এখানে আসার সুযোগ থাকে।’
দোকান যাত্রা শুরু হয়েছে গত মাসের ২ তারিখ থেকে। সাফায়েত জানালেন, প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৩০০ বার্গার বিক্রি হয় তাঁদের।
এখানকার নিয়মিত গ্রাহক তানভীর আহমেদ বলেন, দাম আর স্বাদের বিবেচনায় এই দোকানের খাবার তাঁর বেশ ভালো লাগে। যতক্ষণ দোকানে কাস্টমার থাকে, তাঁদের সঙ্গে আপুরা গল্প করেন।
তিন বোন নিজেদের সঞ্চয় দিয়ে এই দোকান শুরু করেছেন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিপড়ুয়া ছোট বোন সাদিয়া বললেন, ঈদি হিসেবে পাওয়া পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসায় শরিক হয়েছেন। বোনেরা বললেন, অংশীদার হিসেবে তাঁরা বাইরের কাউকে নেবেন না। ‘বোনদের মধ্যে বিশ্বাস আর নির্ভরতার সম্পর্ক তো বাইরের কারও সাথে হবে না’—বললেন ফাহমিদা।
তিন বোন মিলে স্বপ্ন দেখছেন, জলদিই দোকানের পরিসর বাড়াবেন। কয়েক বছরের মধ্যেই ঢাকার নানা জায়গায় শাখা থাকবে তাঁদের। বললেন, ঢাকার সেরা বার্গার ব্র্যান্ড হতে চান তাঁরা।
তিন কন্যার উদ্যোগে খুশি তাঁদের পরিবারও। মা ফেরদৌসী বেগম বললেন, ‘আমাদের যে সমাজব্যবস্থা, সবাই শুধু বলত তিনটাই তো মেয়ে। ওদের তাই ছোট থেকেই বলতাম নিজের পায়ে দাঁড়াতে হবে। ওরা সেই দিকেই যাচ্ছে।’