বার্জার পেইন্টস আজীবন সম্মাননা পেলেন রফিকুন নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলায় দেশ ও জাতির জন্য বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীকে আজীবন সম্মাননা দিয়েছে। গতকাল শুক্রবার গুলশানের এক অভিজাত হোটেলে আয়োজিত বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রফিকুন নবীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘আলোকিত তারুণ্য, সৃজনে অনন্য’ স্লোগান নিয়ে আয়োজিত বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার ২০তম আসরে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন সৌরভ চৌধুরী। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আবদুল্লাহ আল বশীর, মনজুর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সমাগতরা। স্বাগত বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী। আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পী রফিকুন নবী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট বিষয়টি শুনলে বুকটা কেঁপে ওঠে! মনে হয়, শেষ দিকে চলে এসেছি। তবে জীবনে অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে সেটা বুঝতে পারি না, শুধু বুঝি আরও কাজ করতে হবে, কাজ করে যাব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিযোগিতার জুরি কমিটির চেয়ারম্যান শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, হাশেম খান, আবদুস শাকুর শাহ প্রমুখ।