বার্জার পেইন্টসের সঙ্গে হেমপেলের চুক্তি
গ্রাহকদের কাছে সর্বোচ্চ মান ও উন্নত প্রযুক্তির মেরিন পেইন্ট পৌঁছে দিতে বার্জার পেইন্টস বাংলাদেশ সম্প্রতি বিশ্বখ্যাত ডেনিশ পেইন্ট কোম্পানি হেমপেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং হেমপেলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক উমেশ সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।এ চুক্তির আওতায় বার্জার পেইন্টস হেমপেলের সর্বাধুনিক প্রযুক্তির মেরিন পেইন্ট বাংলাদেশে বাজারজাত করবে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি সেবা দেবে। চুক্তির ফলে বার্জার পেইন্টস এখন থেকে জাহাজনির্মাণ শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক ক্রেতাদের দিতে পারবে উন্নত মানের মেরিন পেইন্টসের সম্পূর্ণ সমাধান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি আবদুল খালেক, সেলস ও মার্কেটিংয়ের জিএম মহসিন হাবীব চৌধুরী, হেড অব মার্কেটিং এ কে এম সাদেক নেওয়াজ, সেলস ম্যানেজার ইমরানুল কবির, হেমপেলের সেলস ম্যানেজার জোনাস ব্রুন প্রমুখ। বিজ্ঞপ্তি।