বার্ড গবেষণার বদলে প্রশিক্ষণ নিয়েই মাতামাতি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বার্ড গবেষণার বদলে প্রশিক্ষণ নিয়েই মাতামাতি করছে। এখানে স্বাস্থ্য ও কৃষি খাতের লোকদের বেশি বেশি প্রশিক্ষণ হচ্ছে। কিন্তু কোনো ধরনের গবেষণা হচ্ছে না। গবেষণা না হওয়ার কারণে বার্ড তাঁর কাঙ্ক্ষিত লক্ষ থেকে পিছিয়ে যাচ্ছে। তাই বার্ডকে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। গতকাল রোববার বেলা ১১টায় বার্ড মিলনায়তনে ‘পল্লী উন্নয়নে বার্ডের কার্যক্রম পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বার্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলাইমান। মূল প্রবন্ধে তিনি বলেন, গত এক বছরে বার্ড নয়টি ফাউন্ডেশন কোর্স করে। এর মধ্যে আটটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও একটি কৃষি মন্ত্রণালয়ের। এসব ফাউন্ডেশন কোর্সের সঙ্গে বার্ডের মূল কাজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান গবেষণার ওপরই বেশি তাগিদ দিয়েছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের আমলে আমরা বার্ডের একটি বোর্ড সভাও করতে পারিনি, যে কারণে নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন কার্যক্রম ঝিমিয়ে পড়ছে।’ বার্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম বলেন, ‘আমরা আখতার হামিদ খানের চেতনাকে ধারণ করে বার্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু প্রচারণার অভাবে বার্ড পিছিয়ে পড়ছে।’ সেমিনারে বক্তব্য দেন বার্ডের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক এম খায়রুল কবীর ও সালেহা বেগম, সাবেক পরিচালকসহ অন্যান্য অনুষদ সদস্য।