বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে এক মুরগি খামারের মালিক কম দামে ছয় হাজার মুরগি বিক্রি করেছেন। এলাকাবাসীর সন্দেহ, ওই খামারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। তবে খামারের মালিক দাবি করেছেন, তাঁর খামারে বার্ড ফ্লু হয়নি।জানা গেছে, পার্বতীপুর শহরের মুসাহরপট্টি-সংলগ্ন ‘অমিম পোলট্রি খামারে’ আট হাজার মুরগি ছিল। গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে অসুস্থ হয়ে প্রায় দুই হাজার মুরগি মারা যায়। এরপর ওই খামারের মালিক অল্প দামে বাকি ছয় হাজার মুরগি খোলাবাজারে বিক্রি করে দেন।গতকাল শুক্রবার সকালে ওই খামারে গিয়ে দেখা যায়, লোকজন ৯০-১০০ টাকা দরে (প্রতিটির ওজন প্রায় দুই কেজি) মুরগি কিনছেন। মুরগি কিনতে আসা স্থানীয় রাজাবাসর গ্রামের রমজান আলী জানান, তিনি ১৮০ টাকায় দুটি মুরগি কিনেছেন।অমিম পোলট্রি খামারের মালিক ও পার্বতীপুর থানা বিএনপির সহসভাপতি আনোয়ারুল হক মুরগি বিক্রির কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, এসব মুরগি বার্ড ফ্লু নয়, রানীক্ষেত ও কলেরা রোগে আক্রান্ত হয়েছিল।এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আম্বার আলী প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পেয়ে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরীক্ষার জন্য নমুনা হিসেবে মৃত ও রোগাক্রান্ত একটি করে মুরগি নিয়ে আসা হয়েছে। তবে এসব মুরগি বার্ড ফ্লু আক্রান্ত কি না, তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না।’পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস জানান, বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বিক্রি করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।