বার্ড ফ্লু আক্রান্ত মুরগির ক্ষতিপূরণ দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি নিধন করতে খামারিদের মধ্যে উৎসাহ বাড়াতে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুরগি নিধনের কারণে খামারিদের যে ক্ষতি হবে তা পুষিয়ে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, বার্ড ফ্লুতে আক্রান্ত ১২ সপ্তাহ বয়সী দেশি মুরগি নিধন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে ২২০ টাকা। আগে এ মুরগির জন্য ক্ষতিপূরণ দেওয়া হতো ৯৫ টাকা। একই বয়সী ডিম পাড়া বাণিজ্যিক (লেয়ার) মুরগির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আগে ছিল ৯০ টাকা। দুই থেকে ১২ সপ্তাহ বয়সী বাড়ন্ত (দেশি ও বাণিজ্যিক) মুরগির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আগে এ মুরগির জন্য ক্ষতিপূরণ দেওয়া হতো ৬০ টাকা। ব্রয়লার (শুধু মাংসের জন্য) মুরগি নিধনের জন্য আগে ক্ষতিপূরণ দেওয়া হতো না। এখন থেকে চার সপ্তাহের কম বয়সী ব্রয়লার মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হলে ১০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া চার সপ্তাহের বেশি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে ১৬০ টাকা।গ্র্যান্ড প্যারেন্ট স্টক/প্যারেন্ট স্টক (গ্র্যান্ড প্যারেন্ট স্টকের ডিম থেকে জন্ম নেয় প্যারেন্ট স্টক। প্যারেন্ট স্টকের ডিম থেকে ব্রয়লার বা লেয়ার মুরগি হয়) বার্ড ফ্লুতে আক্রান্ত হলেও ক্ষতিপূরণ দেবে সরকার। বয়স আট সপ্তাহের কম হলে ১৫০ টাকা, আট থেকে ২০ সপ্তাহ হলে ২২০ টাকা, ২০ সপ্তাহের বেশি হলে ৩৫০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।দেশি হাঁসের বয়স ১২ সপ্তাহের বেশি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে ১৬০ টাকা, আগে দেওয়া হতো ৮০ টাকা। আক্রান্ত সব বয়সী হাঁস-মুরগির বাচ্চা নিধনের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে ৫০ টাকা, আগে দেওয়া হতো ২০ টাকা।এ ছাড়া কোয়েল ও কবুতরের সব বয়সের বাচ্চার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে ৮০ টাকা, আগে দেওয়া হতো ৫০ টাকা। সব বয়সী খেলাধুলার পাখির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে ২২৫ টাকা, আগে দেওয়া হতো ২০০ টাকা। ডিম নষ্ট হওয়ার জন্য আগে ক্ষতিপূরণ দেওয়া হতো তিন টাকা। এখন থেকে দেওয়া হবে পাঁচ টাকা।সরকারি সূত্র জানিয়েছে, দেশে এ পর্যন্ত ৩৬১টি বার্ড ফ্লু প্রার্দুভাবের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০০৭ সালে ৬৯টি, ২০০৮ সালে ২২৬টি, ২০০৯ সালে ৩২টি, ২০১০ সালে ৩১টি ও ২০১১ সালে আটটি। বার্ড ফ্লু নিয়ে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট’ নামের প্রকল্পটি ২০০৭ সালে শুরু হয়। শেষ হবে ২০১২ সালের জুনে। এই প্রকল্প থেকে এ পর্যন্ত ১৪ কোটি ৬১ টাকা ক্ষতিগ্রস্ত খামারিদের দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাঠপর্যায়ের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খামারিদের খোঁজ নেওয়ার কথা। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর ছাড়াও ৩০৬টি উপজেলায় এক হাজার ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী বার্ড ফ্লু রোগের নিবিড় নজরদারি করছেন। ‘স্ট্রেংদেনিং অব সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বার্ড ফ্লু নিয়ে সরকারের নিবিড় পর্যবেক্ষণ করার কথা। এ ছাড়া ৪৭টি জেলার ১৬৩টি উপজেলায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসনের জন্য ‘স্ট্রেনদেনিং অব সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়েন ইনফ্লয়েঞ্জা ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়।