বার্ড ফ্লু আক্রান্ত ২১ হাজার মুরগির বাচ্চা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম প্রধান মুরগির বাচ্চা উৎপাদনকারী খামার চুয়াডাঙ্গার রাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারি বার্ড ফ্লুতে সংক্রমিত হয়েছে। প্রশাসনের সহায়তায় প্রাণিসম্পদ বিভাগ গতকাল শনিবার বার্ড ফ্লু আক্রান্ত এই খামারের ২১ হাজার ৫৯০টি মুরগির এক দিনের বাচ্চা নিধন এবং আট হাজার ৪০৬টি ডিম ধ্বংস করেছে।তবে অভিযান বিলম্বিত হওয়ায় খামার কর্তৃপক্ষ আগেভাগেই বিপুলসংখ্যক রোগাক্রান্ত মুরগি বিক্রি করে দিয়েছে।অভিযোগ উঠেছে, এই খামারের ৫০ হাজার বড় মুরগির মধ্যে রোগাক্রান্ত ২২ হাজার মুরগি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্তত ২০ হাজার মরা মুরগি বস্তাবন্দী করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং আট হাজার মুরগি খামারের নির্ধারিত জায়গায় পুঁতে রাখা হয়েছে।খামারের ব্যবস্থাপক (বিক্রয়) জাহাঙ্গীর হোসেন সাড়ে আট হাজার মুরগি বিক্রির সত্যতা নিশ্চিত করে বলেন, খামারে ৫০ হাজার নয়, মোট ১০ হাজার মুরগি ছিল। এর মধ্যে মারা যাওয়া দেড় হাজার মাটিতে পুঁতে ফেলা হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে লাগাতার বর্ষণের কারণে রাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে ১০ আগস্ট থেকে মুরগির মড়ক দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে তা মহামারি রূপ নেয়। তবে খামার কর্তৃপক্ষ বিষয়টি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে আক্রান্ত মুরগিগুলো দ্রুত বিক্রি করতে থাকে এবং মরা মুরগিগুলো বস্তাবন্দী করে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে ফেলতে শুরু করে। ১৯ আগস্ট দামুড়হুদা উপজেলার সুবল এলাকাবাসী নদীতে দুর্গন্ধযুক্ত বস্তা পেয়ে খুলে ভেতরে মরা মুরগি পায়। এরপর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে খবর দিলে তারা সেগুলো মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করে।সদর উপজেলার ভেটেরিনারি সার্জন শরীফ উদ্দীন বলেন, ১৯ আগস্ট খামার থেকে নমুনা সংগ্রহ করতে গেলে তুলনামূলক সুস্থ ১৬ সপ্তাহ বয়সী দুটি মুরগি দেওয়া হয়। এই দুটি মুরগি পরীক্ষা করে রানিক্ষেত রোগ পাওয়া যায়। এতে সন্দেহ হলে মাটিতে পুঁতে রাখা মুরগি (২৭ সপ্তাহ বয়সী) তুলে ঢাকায় পরীক্ষাগারে পাঠানোর পর বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত করা হয়।এদিকে মাথাভাঙ্গা নদীর পানির সঙ্গে মরা মুরগি ভারতে প্রবেশ করায় ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। পরে ২৩ আগস্ট ঢাকা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) মোছাদেক আলী, পরিচালক (সম্প্র্রসারণ) পার্থরথি সরকার এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরামর্শক নীতিশ কুমার সরেজমিনে তদন্ত করেন। পরিদর্শক দলের সদস্যরাও রাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে বার্ড ফ্লুর সংক্রমণ এবং একই খামার থেকে মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলার বিষয়টি নিশ্চিত হন।