বার্ড ফ্লু: নেত্রকোনায় এক হাজারেরও বেশি মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার একটি খামারে বার্ড ফ্লুতে আক্রান্ত এক হাজার ১১টি মুরগি নিধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসব মুরগি নিধন করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মীদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুল ইসলামের মুরগির খামারে কয়েক দিন আগে মুরগি মরা শুরু হয়। বিষয়টি জেলা প্রাণিসম্পদ বিভাগে জানানো হলে কর্তৃপক্ষ মৃত মুরগি নমুনা হিসেবে সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরে সেখান থেকে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে গত বৃহস্পতিবার রাতে জেলা প্রাণিসম্পদ বিভাগ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই খামারের এক হাজার ১১টি মুরগি নিধন করে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেবক ভদ্র প্রথম আলোকে জানান, বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সহস্রাধিক মুরগি নিধন করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগাম সতর্কতা হিসেবে জেলার বিভিন্ন খামারে জীবাণুনাশক ছিটানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। খামারের মালিক শফিকুল ইসলাম জানান, মুরগি নিধনের কারণে তাঁর সাত-আট লাখ টাকার ক্ষতি হলো।