বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। বাংলাদেশে বার্ড ফ্লুতে মানুষ মৃত্যুর ঘটনা এটাই প্রথম। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।আইইডিসিআর সূত্র বলছে, বাংলাদেশে বার্ড ফ্লুতে মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম শনাক্ত হয় ২০০৮ সালে। এরপর আক্রান্ত হওয়ার আরও পাঁচটি ঘটনা ঘটে। কিন্তু এতে কেউ মারা যায়নি। জানা গেছে, চৌদ্দগ্রামের এই ছেলেশিশুটির বয়স ছিল এক বছর ১১ মাস। জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে শিশুটি গত ১৮ ফেব্রুয়ারি মারা যায়। আইইডিসিআর সূত্র জানায়, শিশুটির সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো কোনো লক্ষণ ছিল না। এ দেশের বিশেষজ্ঞরাই শনাক্ত করতে পেরেছিলেন যে শিশুটি বার্ড ফ্লুতে মারা গেছে। তার পরও শিশুটির গলা ও নাক থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে (সিডিসি) পাঠানো হয়। ৬ এপ্রিল সিডিসি নিশ্চিত করেছে, শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত ছিল। আইইডিসিআরের কর্মকর্তারা জানিয়েছেন, কুমিল্লা ও ঢাকাতে শিশুটির ম্যানিনজাইটিসের চিকিৎসা হয়েছিল। আইইডিসিআর সংশ্লিষ্ট এলাকায় বার্ড ফ্লু বিষয়ে অনুসন্ধান করেছিল। তাতে দেখা গেছে, বাড়ির আশপাশে মুরগির মৃত্যুর সঙ্গে শিশুটির বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্পর্ক ছিল।মাহমুদুর রহমান বলেন, যেখানে বার্ড ফ্লুর প্রাদুর্ভার ঘটে, সেখানে মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটে। কোনো বাড়িতে, খামারে বা বাজারে বেশি সংখ্যায় মুরগি মারা যাচ্ছে এবং একই সঙ্গে সেখানে মানুষ সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, তখন মানুষও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তখনই সতর্ক হওয়া দরকার এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে জানাতে হবে।