বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ৫২৪ বার ক্ষতিপূরণ ১৫ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত পাঁচ বছরে ৫২৪ বার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি মারার জন্য সরকার খামারমালিকদের ক্ষতিপূরণ দিয়েছে ১৫ কোটি টাকা।গতকাল রোববার ‘নতুন নতুন সংক্রামক রোগ: প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলন’ শীর্ষক আলোচনা সভায় পশুসম্পদ সেবা বিভাগের কর্মকর্তারা এই তথ্য দেন। সাংবাদিকদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই আলোচনা সভার আয়োজন করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।পশুসম্পদ সেবা বিভাগের কর্মকর্তা মেহেদী হোসেন বলেন, ২০১১ সালে দেশের বিভিন্ন অঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ১৬৬ বার। সর্বশেষ প্রাদুর্ভাব দেখা দেয় এই মাসের প্রথম সপ্তাহে মানিকগঞ্জ জেলায়। দেশে বার্ড ফ্লু প্রথম দেখা দেয় ২০০৭ সালে। ২০০৮ সালে সবচেয়ে বেশি, ২২৬ বার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়।বিভিন্ন রোগ ও ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেওয়ার জন্য আইইডিসিআর নিয়মিত এই আলোচনা সভার আয়োজন করে। গত মাসে অ্যানথ্রাক্স নিয়ে আলোচনা হয়, আগামী মাসে নিপা ভাইরাস নিয়ে আলোচনা হবে বলে জানান আয়োজকেরা।অনুষ্ঠানে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, দেশে বর্তমান সময়ে চার ধরনের ইনফ্লুয়েঞ্জার ভাইরাস আছে। এগুলো হচ্ছে: পেনডেমিক ভাইরাস (এইচ১এন১), বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন১), মৌসুমি ফ্লু ভাইরাস (এইচ৩এন২) এবং বার্ড ফ্লুর উপসর্গ ভাইরাস (এইচ৯এন২)। তিনি বলেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্রুত বৈশিষ্ট্য পাল্টায়। সে কারণে টিকার মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ খুব বেশি কার্যকর হয় না।মাহমুদুর রহমান বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আইইডিসিআর বর্তমানে একটি দক্ষ ও যোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই স্বীকৃতি দিয়েছে।এ দেশের মানুষ বসতভিটায় ও এর আশপাশে হাঁস-মুরগি পালন করে আসছে আবহমান কাল থেকে। বার্ড ফ্লুর কারণে এখন তা আর জনস্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইউনিসেফের উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ।আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশতাক হোসেন বলেন, মানুষে বার্ড ফ্লুর সংক্রমণের ঘটনা খুবই কম। তবে এ ক্ষেত্রে মৃত্যুর হার খুব বেশি, প্রায় ৬০ শতাংশ।