বার্ডের দেয়াল ঘেঁষে ফুটপাতে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার পর্যটনকেন্দ্র কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) দেয়াল ঘেঁষে ফুটপাতের ওপর দোকানপাট নির্মিত হয়েছে। জেলা পরিষদ থেকে জমি ইজারা নিয়ে সেখানে এসব দোকানপাট নির্মাণ করা হয়েছে। এতে বার্ডের পাশের সড়ক যেমন সরু হয়েছে তেমনি বার্ডের সৌন্দর্যহানি হচ্ছে। পাশাপাশি এই পর্যটনকেন্দ্রের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ইজারা বাতিল করে এসব দোকানপাট উচ্ছেদের জন্য বার্ড কর্তৃপক্ষ জেলা পরিষদকে পাঁচ দফা চিঠি দিলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।বার্ডের পাশের এই সড়ক দিয়ে প্রতিদিন বার্ড, কুমিল্লা বিডিআরের সেক্টর কার্যালয়, কুমিল্লা সেনানিবাস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। সর্বশেষ গত মাসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি গ্রামের বাসিন্দা সরকারদলীয় সমর্থক আনোয়ার হোসেন বার্ডের উত্তর পাশের দেওয়াল ঘেঁষে নয়টি দোকান নির্মাণ করেছেন। সরেজমিনে দেখা গেছে, সর্বশেষ নির্মিত নয়টি দোকানের দুই পাশে আগে থেকেই হোটেল, পানের দোকানসহ আরও পাঁচ থেকে সাতটি দোকান রয়েছে। বেশ কয়েক বছর আগে থেকেই ওই দোকানগুলো সেখানে নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটবাড়ী এলাকার বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) খলিলুর রহমান, তাঁর চাচা ঠিকাদার আবদুস সাত্তার, যুবলীগ নেতা আক্তার হোসেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী আবদুর রহিম ওই জায়গায় দোকানপাট করে ভাড়া দিয়েছেন। সর্বশেষ গন্ধমতি গ্রামের আনোয়ার হোসেন নয়টি দোকান নির্মাণ করছেন। তাঁরা জেলা পরিষদ থেকে একসনা ইজারা নিয়ে সেখানে দোকান করেছেন বলে এ প্রতিবেদককে জানান। আনোয়ার হোসেন বলেন, ‘জেলা পরিষদ থেকে আমরা ইজারা নিয়ে দোকানপাট নির্মাণ করছি। এতে আপনাদের এত মাথা ব্যথা কেন?’বার্ড সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৫ জুলাই থেকে চলতি বছরের ২ মে পর্যন্ত পাঁচ দফা বার্ডের উত্তর পাশের দেওয়ালসংলগ্ন দোকানপাট উচ্ছেদ ও ইজারা বাতিলের জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। কিন্তু জেলা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি। বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমান বলেন, বার্ডের প্রধান ফটকের পাশের দেওয়াল ঘেঁষে যেসব দোকান ও স্থাপনা নির্মিত হয়েছে, তা বার্ডের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। একই কারণে বার্ডের সৌন্দর্যহানি হচ্ছে। সড়ক সরু হচ্ছে। পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একাধিকবার চিঠি দিলেও জেলা পরিষদ তা আমলে নেয়নি। জানতে চাইলে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। প্রভাবশালী মহলকে এগুলো ইজারা দেওয়া হয়েছে। ইজারা আর নবায়ন করা হবে না। বিধি মোতাবেক ইজারা বাতিলের পদক্ষেপ নেব।’