বার্ডের পরিচালনা পর্ষদের সভা হচ্ছে না আড়াই বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভা হচ্ছে না আড়াই বছর। বর্তমান সরকারের আমলে বার্ডের পরিচালনা পর্ষদে সরকার মনোনীত চার সদস্যকে অন্তর্ভুক্ত করা হলেও এখন পর্যন্ত তাঁদের নিয়ে কোনো সভা হয়নি। নিয়মানুযায়ী বছরে কমপক্ষে একটি সভা হওয়ার কথা থাকলেও ২০০৮ সালের পর আর কোনো সভা হয়নি। এ অবস্থায় ঝুলে আছে নানা ধরনের সিদ্ধান্ত।বার্ড সূত্রে জানা গেছে, ১৯৫৯ সালের ২৭ মে বার্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৮ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বার্ড পরিচালনা পর্ষদের ৬৮টি সভা হয়। তারপর আর কোনো সভা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতির কারণে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওই প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে ঢিমেতালে। ঝুলে আছে গবেষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মানী বৃদ্ধি, বাজেট বিভাজন পর্যালোচনা, একাডেমির গবেষণা, প্রশিক্ষণ ও নতুন প্রকল্প নেওয়াসহ রাণীরকুঠির প্রসঙ্গ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি। প্রসঙ্গত, বার্ডের সব কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন ও কাজের দিকনির্দেশনা দেয় পরিচালনা পর্ষদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ডের ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ রয়েছে। এর মধ্যে সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সহসভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার এবং সদস্য সচিব বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমান। ওই পরিচালনা পর্ষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা রয়েছেন। পরিচালনা পর্ষদে সরকার মনোনীত চার প্রতিনিধি হলেন কুমিল্লার তিন সাংসদ আ হ ম মুস্তফা কামাল, আ ক ম বাহাউদ্দিন, নাছিমুল আলম চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অধ্যাদেশ ১৯৮৬-এর ৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়। বার্ডের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মূলত বার্ডের মহাপরিচালক পরিচালনা পর্ষদের বৈঠক ডাকার জন্য মন্ত্রণালয়ে চিঠি লেখেন। ২০১০ সালের ৬ এপ্রিল মহাপরিচালক মো. আতাউর রহমান বার্ডের ৬৯তম সভা ডাকার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৭ জুলাই মন্ত্রণালয় বার্ডকে জানায়, ৩ আগস্ট দুপুর ১২টায় বার্ডের কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা হবে। কিন্তু হঠাৎ করেই অনিবার্য কারণবশত ওই সভা স্থগিত করা হয়। ১১ আগস্ট পুনরায় ওই সভার স্থান, তারিখ ও সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করে বার্ড কর্তৃপক্ষ। কিন্তু ওই চিঠির কোনো জবাব গত আট মাসেও আসেনি। এদিকে স্থগিত হওয়া পরিচালনা পর্ষদের ওই সভায় ১৬টি আলোচ্যসূচি নির্ধারণ করা ছিল। এর মধ্যে বহুল আলোচিত বার্ডের অতিথিশালা ‘রাণীরকুঠি’র প্রসঙ্গ রয়েছে।এ ব্যাপারে মহাপরিচালক মো. আতাউর রহমানের সঙ্গে দেখা করতে এ প্রতিবেদক গত বুধবার দুপুর সাড়ে ১২টায় তাঁর কার্যালয়ে যান। মহাপরিচালক বলেন, ‘আমি পরিচালনা পর্ষদের সভা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলব না।’