কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) শীর্ষ চার কর্মকর্তার কাছে মুঠোফোনে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে সর্বহারা পার্টির বিরুদ্ধে।বার্ডের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকের কাছে একাধিকবার মুঠোফোনে ২৫ হাজার ৫০০ টাকা করে চাঁদা দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বোমা মেরে বার্ড উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে বার্ডের টেলিফোন এক্সচেঞ্জ বিকলসহ চার কর্মকর্তার স্ত্রী ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার মুঠোফোনের একটি নম্বর থেকে ওই দাবি ও হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে বার্ড কর্তৃপক্ষ কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।এদিকে বার্ডের নিরাপত্তা জোরদার করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিন বছর আগেও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা বোমা মেরে বার্ড উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।বার্ড ও জিডি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের পর মুঠোফোনের একটি নম্বর থেকে প্রথমে বার্ডের ডিজি মো. আতাউর রহমান, এডিজি মোহাম্মদ মীর কাসেম, পরিচালক (প্রশাসন) এ কে শরীফুল্লাহ ও উপপরিচালক (উন্নয়ন ও যোগাযোগ) আনোয়ারুল আজিমের মুঠোফোনে প্রথমে সর্বহারা পার্টির আওরঙ্গ এবং পরে একই পার্টির কুমিল্লা শাখার প্রধান মো. মহিউদ্দিন ফোন করেন।এদিকে গতকাল দুপুরে বার্ডের টেলিফোন এক্সচেঞ্জে একই নম্বর থেকে ফোন করে জানানো হয়, বোমা মেরে বার্ড উড়িয়ে দেওয়া হবে। ফোনের বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয়। এক্সচেঞ্জের ফোনটি ধরেন বার্ডের কর্মচারী মাকসুদ। ধারণা করা হচ্ছে, বার্ডের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়ে আতঙ্ক সৃষ্টির জন্য একটি মহল ইচ্ছা করে ওই ফোন করছে। ফোনটি বর্তমানে বন্ধ আছে।বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম বলেন, ‘আমাকে ফোন করে বলেছে, “আমার লোকেরা আপনাকে দেখবে।” এরপর আর আমাকে ফোন করেনি। পরবর্তী সময়ে জানলাম, বার্ডের অন্যদেরও হুমকি দেওয়া হয়েছে। তবে কেউ এটা নিয়ে এমন হুমকি দেবে না বলে আমাদের বিশ্বাস।’জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান গতকাল রাতে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি। আমরা ফোন নম্বরটি কোন জায়গার, তা দেখছি।’