বার্থ অপারেটর নিয়োগে দরপত্রের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ছয়টি কনটেইনার জেটিতে বার্থ অপারেটর নিয়োগের দরপত্র দাখিলের সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে আগামী ২২ জুলাই পর্যন্ত এ দরপত্র জমা নেওয়া হবে। আগের সময়সূচি অনুযায়ী আগামী ১৫ জুলাই দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।বন্দর পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসাইন প্রথম আলোকে বলেন, দরপত্রের একটি শর্তে সংশোধনী থাকায় সময় বাড়ানো হয়েছে।প্রসঙ্গত, গত ১১ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ দরপত্রের একটি শর্ত সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের দুই বছরে ২৫ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকতে হবে। এ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিগত সাত বছরের মধ্যে যেকোনো সমুদ্রবন্দরে। দরপত্র বিক্রির সময় এ ধরনের কোনো শর্ত ছিল না। এ সংশোধনীর কারণে প্রতিযোগিতা কমে এলে বন্দরও কম দর পাওয়া থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ আছে, ছয়টি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র বিক্রির মাঝপথেই নতুন এই শর্ত জুড়ে দেওয়া হয়। সংশোধনীর কারণে ছয়টি জেটির জন্য মাত্র ছয়জন বার্থ অপারেটর দরপত্রের এ শর্ত পূরণ করতে পারবেন। এ ছয়টি প্রতিষ্ঠান বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির পর বন্দরের ছয়টি জেটিতে বিনা দরপত্রে প্রায় আড়াই বছর কনটেইনার ওঠানো-নামানোর কাজ করে।