বার্থ অপারেটর পদ্ধতি স্থগিতাদেশের বিরুদ্ধে বন্দরের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর পদ্ধতির কার্যকারিতা স্থগিত রাখার উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ আপিল করা হয়। গত ২৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ বন্দরের বার্থ অপারেটর পদ্ধতির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। বন্দরের বার্থ অপারেটরদের সহযোগী কিছু স্টিভিডোরস প্রতিষ্ঠানের রিটের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের আইনজীবী ব্যারিস্টার সাইফুদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বার্থ অপারেটর পদ্ধতি স্থগিত রাখার আদেশের বিরুদ্ধে চেম্বার জজের কাছে আপিল করা হয়েছে।আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ গতকাল স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) নেতাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএমএসএর সভাপতি এ কে এম মঞ্জুর আলম বলেন, ‘বন্দরকে সচল রেখে এবং আদালতের আদেশের প্রতি সম্মান রেখে দ্রুত এ সমস্যার সমাধান চাই আমরা। সব স্টিভিডোরস প্রতিষ্ঠান যাতে সমানভাবে কাজ পায়, সে বিষয়টি আমরা তুলে ধরেছি।’তত্ত্বাবধায়ক সরকারের আমলে টাস্কফোর্সের সিদ্ধান্তে ২০০৭ সালের ১৬ মে থেকে বন্দরে সাধারণ জেটিতে পণ্য ওঠানামার জন্য বার্থ অপারেটর পদ্ধতি চালু হয়। বন্দরে বিদ্যমান স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলোকে ১২টি গ্রুপে ভাগ করে ১২টি সাধারণ জেটিতে পণ্য ওঠানামার দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি গ্রুপে একজন স্টিভিডোরস প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়া হয়। অন্যদের সহযোগী হিসেবে রাখা হয়।