বার্থ অপারেটরদের অনড় মনোভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা সাধারণ পণ্যবাহী জেটিতে (জেসিবি) পণ্য ওঠানো-নামানোর কাজে যোগ দিয়েছেন। শুক্রবার রাত থেকে তাঁরা কাজ শুরু করেন। শ্রমিক নিয়োগকারী বেসরকারি সংস্থা বার্থ অপারেটরদের অনমনীয় ভূমিকার কারণে দাবিদাওয়া স্থগিত রেখে তাঁরা কাজে যোগ দিতে বাধ্য হন বলে জানা গেছে।বন্দর সূত্রে জানা গেছে, বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা বন্দরের জেসিবি জাহাজে নতুন ব্যবস্থায় পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেন। গতকাল শনিবার দুপুরে নতুন ‘এমভি লুনা ব্লু’ নামের একটি জাহাজ বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়লে শ্রমিকেরা সেটির কাজ করেন। এ জাহাজে জাপান থেকে আমদানি করা স্টিল কয়েল এবং ক্রেন, স্ক্যাবেটরের মতো ১৫টি ভারী যন্ত্রপাতি ও যানবাহন রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে শ্রমিকেরা এমভি তানভিন-১০ নামের অন্য একটি জাহাজেও কাজ করেন। এ জাহাজে স্টিল মিলের লোহার গুঁড়া রপ্তানির জন্য তোলা হয়।বন্দর সূত্র জানায়, আজ রোববার বন্দরের দুই জেসিবি জেটিতে দুটি জাহাজ ঢোকার কথা রয়েছে। এর মধ্যে একটি জাহাজ থেকে আমদানি করা সিমেন্ট ক্লিংকার খালাস হবে। অন্য জাহাজে তোলা হবে জাতিসংঘের শান্তি মিশনে অংশ নেওয়া সেনাবাহিনীর সদস্যদের অস্ত্রশস্ত্র ও যানবাহন।শনিবার পর্যন্ত কাজ করলেও শ্রমিকেরা যেকোনো অজুহাতে আবারও কাজ বন্ধ করে দিতে পারেন বলে আশঙ্কা করছেন বার্থ অপারেটররা। বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা দিন দিন যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে উঠছেন, তাতে আমরা উদ্বিগ্ন। তাঁরা সামান্য অজুহাতে আবার কাজ বন্ধ করে দিতে পারেন—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’বন্দর সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে বন্দর কর্তৃপক্ষ নতুন ব্যবস্থাপনায় জেসিবির ছয়টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর উদ্যোগ নেয়। এ জন্য প্রতিযোগিতামূলক দরপত্রে কাজ পাওয়া ছয়টি বার্থ অপারেটর প্রতিষ্ঠানকে আগেই কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা তাঁদের ক্রমানুযায়ী (রোটেশন) নিয়োগের দাবি তুলে কাজ বন্ধ করে দেন।