চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বার্ন ইউনিট চালুর বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়ে নীতিমালা প্রণয়নেরও নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের ১৪তম সাধারণ সভায় এ নির্দেশ দেন মেয়র আ জ ম নাছির। মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, নগরের আলকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বার্ন ইউনিট চালুর জন্য নির্দেশ দিয়েছেন মেয়র। এ অনুযায়ী ১০ শয্যার বার্ন ইউনিট চালুর ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ ইউনিট চালুর জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মেয়র জানান, বাড়ি বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহের উদ্দেশ্যে ৩১ ডিসেম্বরের মধ্যে নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটি ঘরে ময়লা রাখার পাত্র পৌঁছে দেওয়া হবে। নিবিড় তদারকির মাধ্যমে এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করা হবে।