ঝলসে যাওয়া শরীর নিয়ে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোশাকশ্রমিক মুর্শেদা বেগম (২২)। অভিযোগ উঠেছে, এখন ওই হাসপাতালের দাবিমতো টাকা পরিশোধ করতে না পারায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে পারছেন না তিনি।সরেজমিনে গিয়ে দেখা যায়, এনাম হাসপাতালে বার্ন ইউনিট নেই। মুর্শেদাকে সাধারণ রোগীর ওয়ার্ডে রাখা হয়েছে। তবে ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক দাবি করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হয়, এনাম হাসপাতালেও একই চিকিৎসা দেওয়া হয়।বার্ন ইউনিট আছে কি না, জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক আনোয়ারুল কাদের বলেন, ‘আগে রোগীর স্বজনদের টাকা পরিশোধ করতে বলেন।’মুর্শেদার পরিবারের অভিযোগ, টাকা পরিশোধ করতে না পারলে মুর্শেদাকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।বগুড়ার শেরপুর উপজেলার সাততরা গ্রামের মেয়ে মুর্শেদা আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকায় থাকতেন। কাজ করতেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। নান্নু মিয়া নামে মুর্শেদার এক আত্মীয় জানান, মাস ছয়েক আগে পোশাকশ্রমিক মো. রুবেলের সঙ্গে মুর্শেদার বিয়ে হয়। বিয়েতে রুবেলের পরিবারের মত ছিল না। পরিবারকে রাজি করানোর কথা বলে রুবেল মুর্শেদার কাছে ৫০ হাজর টাকা যৌতুক দাবি করেন। মুর্শেদা ৩০ হাজার টাকা দিতে রাজি হন। আরও ২০ হাজার টাকার জন্য রুবেল চাপ দিতে থাকলে গত মঙ্গলবার উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে রাতের খাবার খেয়ে তাঁরা শুয়ে পড়েন।মুর্শেদার বরাত দিয়ে তাঁর বড় ভাই মো. শিপন জানান, রাতে ঘুমিয়ে পড়ার পর রুবেল তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রুবেল বিষয়টিকে দুর্ঘটনা বলে প্রচার করেন। মুর্শেদাকে রাতেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করান তিনি। তাঁর অবস্থার অবনতি ঘটলে রুবেল গা ঢাকা দেন।শিপন জানান, গত শনিবার ওই হাসপাতালে আসেন তিনি। হাসপাতালে চিকিৎসার বেহাল দশা আর অতিরিক্ত খরচের কথা ভেবে এলাকার এক চিকিৎসকের পরামর্শে মুর্শেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার উদ্যোগ নেন। কিন্তু এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিপুল পরিমাণ চিকিৎসা খরচ পরিশোধ করতে না পারায় তিনি ব্যর্থ হন।এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মুর্শেদা চারতলার ‘এ’ ব্লকের মহিলা ওয়ার্ডের ৪০৪ নম্বর বেডে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রাতে তাঁকে ভর্তি করা হয়। এর পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। সূত্র জানায়, গত ছয় দিনে তাঁর জন্য ওষুধ ও চিকিৎসাসেবা বাবদ খরচ হয়েছে এক লাখ চার হাজার ৫৯৫ টাকা।গতকাল দুপুর দেড়টার দিকে এনাম মেডিকেলের চারতলার মহিলা ওয়ার্ডে গিয়ে মুর্শেদার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি প্রায় অচেতন থাকায় কথা বলা সম্ভব হয়নি। তাঁর ভাই শিপন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করা সম্ভব নয়। টাকা মাফ করার জন্য সারেগো কত পায় ধরলাম, বোনের প্রাণভিক্ষা চাইলাম, তাও একটু মায়া করল না তারা। টাকার অভবে আমার বোনটা মইরাই যাইবোগা। মরার পরে লাশটাও মনে হয় দিব না টাকা ছাড়া।’ তিনি অভিযোগ করেন, গত শনিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। চিকিৎসকেরাও তেমন গুরুত্ব দিচ্ছেন না। চারতলার ‘এ’ ব্লকের মহিলা ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক (এনাম মেডিকেল কলেজে ইন্টার্নিরত) তাসমিনা গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে জানান, মুর্শেদার দেহের ৭৫ শতাংশই পুড়ে গেছে। চিকিৎসাবিজ্ঞানের মতে, যার দেহের যত অংশ পুড়ে যায়, তাঁর তত ভাগ মৃত্যুর ঝুঁকি থাকে। তাই মুর্শেদার অবস্থা ভালো নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একা নই, অনেকে মিলেই তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে।’টাকার জন্য মুর্শেদাকে ছেড়ে না দেওয়া প্রসঙ্গে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আনোয়ারুল কাদের বলেন, ‘কোনো লোক না থাকার পরও আমরা তাকে চিকিৎসাসেবা দিয়েছি। হাসপাতালের পক্ষ থেকে রুটি-কলা খাওয়ানো হয়েছে। এর চেয়ে বেশি মানবিক হওয়া তো সম্ভব নয়।’ আনোয়ারুল কাদের বলেন, ‘মুর্শেদার ভাই আমার কাছে একাধিকবার এসেছেন। কিন্তু টাকা পরিশোধ না করলে আমার পক্ষে ওই রোগী ছাড়া সম্ভব নয়।’