বার্ন ইউনিটজুড়ে ছোট ছোট কষ্টের সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় গুরুতর দগ্ধ হন লেইস-ফিতা ব্যবসায়ী রিয়াজ। বার্ন ইউনিটে ভর্তি হওয়ার পর থেকেই মা আয়েশা খাতুন ছেলেকে পরম মমতায় আগলে রেখেছেন। টানা কয়েক দিন ছেলের সেবা করতে গিয়ে গতকাল দুপুরে ক্লান্তিতে ছেলেকে জড়িয়ে ঘুমিয়ে পড়েন মা  ছবি: সাহাদাত পারভেজ
শাহবাগে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় গুরুতর দগ্ধ হন লেইস-ফিতা ব্যবসায়ী রিয়াজ। বার্ন ইউনিটে ভর্তি হওয়ার পর থেকেই মা আয়েশা খাতুন ছেলেকে পরম মমতায় আগলে রেখেছেন। টানা কয়েক দিন ছেলের সেবা করতে গিয়ে গতকাল দুপুরে ক্লান্তিতে ছেলেকে জড়িয়ে ঘুমিয়ে পড়েন মা ছবি: সাহাদাত পারভেজ

সাত দিন ধরে ছেলের সঙ্গেই আছেন বৃদ্ধ মা আয়েশা খাতুন। অগ্নিদগ্ধ ছেলের সেবায় কিছুটা ক্লান্ত তিনি। একটু যে চোখ বুজবেন, তারও তেমন সুযোগ নেই। জ্বালাপোড়ায় ছটফট করা ছেলেকে নিজের মতো করে শান্ত করার চেষ্টা নিরন্তর। কিছুটা স্বস্তিতে ছেলে যখন শান্ত হন, ওই ফাঁকে তাঁকে জড়িয়ে চোখ বোজার চেষ্টা তাঁর।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ছেলেকে জড়িয়ে ধরে মা আয়েশার এমন চোখ বোজার চেষ্টা অনেকেরই নজর কাড়ে। তাঁরা বলছিলেন, শত কষ্টেও এই বৃদ্ধ মা যেন আগলে রাখতে চান আদরের সন্তানকে। গত ২৮ নভেম্বর শাহবাগে বাসে পেট্রলবোমায় দগ্ধ হন ১৯ জন। আয়েশার ছেলে রিয়াজ হোসেন (২৩) তাঁদেরই একজন। বাড়ি নোয়াখালী। পেশায় তিনি ফুটপাতের লেইস ফিতার ব্যবসায়ী।
হরতাল-অবরোধের আগুনে পোড়া মানুষগুলোর পাশে এখন আয়েশার মতো ক্লান্ত স্বজনেরা। বার্ন ইউনিটজুড়ে যেন গড়ে উঠেছে কষ্টের ছোট ছোট সংসার। সারা দিন দগ্ধ ব্যক্তিদের সেবাযত্ন, রাতে সুযোগ পেলে রোগীর শয্যার পাশে মাদুর বিছিয়ে অল্প সময়ের ঘুম—এটাই এখন স্বজনদের প্রাত্যহিক জীবন। অনেকেই মাদুর কিনেছেন, সঙ্গে বালিশ-কম্বলও। কেউ কেউ বাসা থেকে এনেছেন থালা-বাসন। দগ্ধ ব্যক্তিদের জ্বালাপোড়ায় যোগ হয়েছে স্বজনদের ক্লান্তিহীন অপেক্ষা। সুস্থ হয়ে কবে ফিরবেন, সেই অপেক্ষা। এরই মধ্যে অনেকেরই বন্ধ হয়ে গেছে আয়-উপার্জনও।

 চোখ খোলার পর আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ‘আমি তো মা। আমি না থাকলে কেডা থাকব। আমার জ্বর, টানও (বাত) আছে। ছেলেডারে সুস্থ কইরা বাড়িতে তো নিতে অইব।’

পাশের শয্যায় রয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রুবেল। গত ২৫ নভেম্বর কুমিল্লায় হরতাল-সমর্থকদের আগুনে দগ্ধ হন তিনি। যন্ত্রণায় কাতর স্বামীকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছেন নাসিমা বেগম। বাড়িতে সন্তানদের রেখে শুরু থেকেই স্বামীর পাশে আছেন নাসিমা। খাবারদাবার, রক্তের ব্যবস্থা, সন্তানদের জন্য চিন্তা—এসব কিছু একাই সামাল দিতে দিতে বড্ড পরিশ্রান্ত তিনি। বললেন, ‘শরীর একটু খারাপ লাগলে ঘুমাইতেও পারি না। যন্ত্রণায় চিল্লাপাল্লা করে।’

হাসপাতালে থাকতে থাকতে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন শাহবাগে দগ্ধ হওয়া মো. শামীমের বৃদ্ধ মা শামছুন্নাহার। গতকাল বার্ন ইউনিটের চারতলায় গিয়ে দেখা গেছে, ক্লান্ত শরীর নিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে অল্প বিশ্রাম নিচ্ছেন তিনি। শাহবাগের ওই বাসের চালক মাহবুব আলমের সঙ্গে আছেন স্ত্রী, মা ও বাবা। দুজন ঘুমালে একজনকে জেগে থাকতে হয় মাহবুবের পাশে।

গত ১২ নভেম্বর যাত্রাবাড়ীতে আগুনে দগ্ধ হওয়া নয়জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ছাত্র মো. শুভ একজন। ঘটনার পর থেকে মা ও বাবা পালা করে থাকছেন তাঁর সঙ্গে। বাবা আসবাব ব্যবসায়ী আবুল হাশেম বললেন, ছেলেকে দেখভালের জন্য ঘটনার পর থেকে নারায়ণগঞ্জে দোকান খুলতে পারেননি তিনি।

বার্ন ইউনিটে দেখা গেছে, নিদারুণ কষ্টের মধ্যেও দগ্ধ ব্যক্তিদের স্বজনেরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন সুখ-দুঃখ। গত মঙ্গলবার গাজীপুরে দগ্ধ হওয়া বাসচালকের সহযোগী মো. সোলায়মানের স্বজনেরা এখনো ব্যবহার্য কিছু কিনতে পারেননি। দগ্ধ অটোরিকশাচালক সাবেদ আলীর স্ত্রী আলেয়া খাতুন আপাতত কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে তাঁদের সহযোগিতা করছেন।

স্বজনদের মাঝে এই সহমর্মিতাবোধ বোঝা যায় তখন, যখন হাসপাতাল থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়। শাহবাগে দগ্ধ আবদুর রাজ্জাক একে একে সবার কাছে গিয়ে বিদায় ও দোয়া নিচ্ছেন। হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন তিনি। গীতা সেনকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতাল ছাড়ার আগে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলেন তাঁর স্বজনেরা। ছাড়পত্র পেয়েছেন ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলামও। দেড় বছরের সন্তান সাফওয়ান মাহীকে নিয়ে তাঁকে নিতে এসেছেন স্ত্রী সাবেকুন্নাহার ও স্বজনেরা। সবার শয্যার কাছে গিয়ে বিদায় নিচ্ছিলেন শফিকুল। আর স্ত্রীর কোলে থাকা শিশু সাফওয়ান শিশুসুলভ ভঙ্গিতে আনন্দে হাত-পা ছুড়ছে। শিশুটির হাতে তখন এদিক-ওদিক করছিল বাংলাদেশের ছোট্ট একটি পতাকা।