বার্ন ইউনিটে অসহায় এক বৃদ্ধের আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পোড়া শরীর নিয়ে জাবেদ আলী (৭৫) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় কাতরাচ্ছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন।
তাঁর ছেলে আবদুল হামিদ জানান, টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারছেন না। তিনি বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেন।
গত ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইলের মামুদপুরের নুচিয়া গ্রামে চুলায় আগুন পোহানোর সময় জাবেদ আলীর লুঙ্গিতে আগুন ধরে যায়। আগুনে তাঁর দুই পা ও শরীর গুরুতর দগ্ধ হয়। প্রথমে তাঁকে ঘাটাইলের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ ডিসেম্বর তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
গতকাল দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, পোড়া শরীরে ব্যান্ডেজ নিয়ে জাবেদ আলী অসহনীয় যন্ত্রণায় ছটফট করেছেন। ঘাটতি পূরণে তাঁকে শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে।
বাবার কষ্ট দেখে কাঁদছিলেন ছেলে আবদুল হামিদ। নিজেদের কোনো জমি নেই তাঁদের। অন্যের জমি চাষ করে কোনোমতে তাঁদের সংসার চলে। তাঁর বাবার জন্য দামি ইনজেকশন ও ওষুধ লিখে দিয়েছেন চিকিৎসক। একেক দিনে পাঁচ হাজার টাকার মতো ওষুধ লাগে তাঁর বাবার। কিন্তু টাকা নেই তাঁদের কাছে, জানালেন অসহায় এই ছেলে।
জাবেদ আলীকে তত্ত্বাবধানকারী চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব ওষুধ বার্ন ইউনিটে সরবরাহ আছে, তা তাঁকে দেওয়া হচ্ছে। এর বাইরে যে ওষুধ দেওয়া হয়েছে, তা কিনতে হবে। চিকিৎসক জানান, জাবেদ আলীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।