বার্ন ইউনিটে আরেকজনের মৃত্যু

সহিংস রাজনীতির আগুন কেড়ে নিল আরও একটি প্রাণ। রাজধানীর রমনার পরিবাগে যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ শাহিনা আক্তার (৪২) চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) গত পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন শাহিনা। হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাহিনার পরিবারের পক্ষ থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
৩ জানুয়ারি সকাল সাতটার দিকে পরিবাগে আবদুল্লাহপুর থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে শাহিনা ছাড়াও বাসের চালক বাবুল হাওলাদার ও অপর এক যাত্রী ফল বিক্রেতা ফরিদ মিয়া মারাত্মক দগ্ধ হন। তাঁদেরও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
শাহিনার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিত্সকেরা শুরুতেই জানিয়েছিলেন, তাঁর অবস্থা গুরুতর।
শাহিনা একটি জীবন বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বাড়ি খুলনার টুটপাড়ায়। অফিসের কাজে খুলনা থেকে ঢাকায় এসেছিলেন। কাজ শেষ করে ঘটনার দিনই খুলনার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁর। একমাত্র সন্তানকে রেখে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।