বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ভিড় না করতে অনুরোধ জানালেন
বার্ন ইউনিটে দগ্ধ নতুন পাঁচ রোগী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধের আগুনে দগ্ধ আরও পাঁচজন ভর্তি হয়েছেন। এই নিয়ে গত ২৩ দিনে দগ্ধ রোগীর সংখ্যা ৩৪-এ দাঁড়াল।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম গতকাল বুধবার পোড়া রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে বার্ন ইউনিটে ভিড় না করার অনুরোধ করেছেন।
বার্ন ইউনিট সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টায় একই বাসের চার দগ্ধ যাত্রী ভর্তি হন। বাসটি ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে বাড়ৈপাড়ায় পেট্রোলবোমা হামলার শিকার হয়। দগ্ধ যাত্রীরা হলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রথম বর্ষের ছাত্র পৃথীরাজ চক্রবর্তী ও রাজীব কর্মকার, বেসরকারি চাকুরে নিতাই সরকার এবং অটোরিকশাচালক আবদুর রশিদ। দগ্ধদের মধ্যে আবদুর রশিদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ অপর যাত্রীর নাম মাঈনুদ্দিন। ফেনীর এই কাপড় ব্যবসায়ী দাগনভূঞা থেকে দুধমুখা যাচ্ছিলেন। পথে বাসে পেট্রলবোমা হামলার শিকার হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন বলেছেন, দগ্ধদের বেশির ভাগই বাস, ট্রাক, হিউম্যানহলার ও অটোরিকশাচালক। এঁরা আর কখনো আগের মতো গাড়ি চালাতে পারবেন কি না সংশয় আছে। তিনি সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দগ্ধ মানুষের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান।
সাফিরের জন্য দোয়া প্রার্থনা: রাজধানীর সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আড়াই বছরের শিশু সাফিরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সাফিরের জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন সাফিরের বাবা সাইফুল ইসলাম ও মা শারমিন সিদ্দিকী।
সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান পরামর্শক মো. শহিদুল বারী প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত বলা যায় সাফির আগের চেয়ে বেশ খানিকটা ভালো।