বার্ন ইউনিটে পদ সৃষ্টি না করেই তিনজন চিকিৎসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সেবা বাড়াতে অ্যানেসথেটিস্ট (অবেদনবিদ) নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এই তিন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য কোনো পদ সৃষ্টি করা হয়নি। আবার চিকিৎসক দেওয়া হলেও অস্ত্রোপচারের জন্য এখনো কোনো নির্ধারিত কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি।জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জনবল, শয্যাসংখ্যা ও অবকাঠামো সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে মন্ত্রণালয়ে অনেক চিঠিপত্রও লেখা হয়েছে।গত অক্টোবরে দুই অ্যানেসথেটিস্ট এ কে এম বাকি বিল্লাহ ও সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে পরে সংযুক্তির মাধ্যমে তাদের বার্ন ইউনিটে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে নিয়োগ পান চিকিৎসক শাহাবুদ্দিন। প্রায় দুই বছর ধরে এই ইউনিটে কাজ করতে করতে তিনি এই কাজে অনেকটা অভিজ্ঞ। তাই এই আদেশের মাধ্যমে তার মেয়াদটা বাড়ানো হয়।বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক আইয়ুব আলী বলেন, ‘পদ সৃষ্টি না করে নতুন এই চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে আমাদের সেবার মান আরও বাড়বে। আস্তে আস্তে অন্যান্য সুযোগ-সুবিধা পাব বলে আশা করছি।’ জানা গেছে, সার্জারি ওয়ার্ডের এক কোণে প্রায় দুই বছর আগে ১৩ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হয়। এর জন্য আলাদা কোনো অস্ত্রোপচার কক্ষ, চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। পদও সৃষ্টি করা হয়নি। ঢাকার ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সামন্ত লাল সেন বলেন, ‘আপাতত পদ সৃষ্টি না করেই বার্ন ইউনিটের সুবিধা বাড়ানো হচ্ছে। এটা খারাপ না। তবে দ্রুত এর স্থায়ী সমাধান করা উচিত।’