বার্ন ইউনিটে ভর্তি ৪৮, আশঙ্কাজনক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল–অবরোধ চলাকালে সহিংসতার শিকার মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় অনেককেই বার্ন ইউনিটের প্যাসেজে রেখেই চিকিৎ​সা দিতে হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে ঢাকা মেডি​েকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা l আবদুস সালাম
হরতাল–অবরোধ চলাকালে সহিংসতার শিকার মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় অনেককেই বার্ন ইউনিটের প্যাসেজে রেখেই চিকিৎ​সা দিতে হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে ঢাকা মেডি​েকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা l আবদুস সালাম

বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৪৮ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ তিনজনই গুলিস্তান থেকে রূপগঞ্জের ভুলতাগামী বাসের যাত্রী ছিলেন। অন্য ৪৫ জনের অবস্থা আগের চেয়ে সামান্য ভালো। এ ছাড়া ট্রাকচালক বকুল দেবনাথ গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, গুরুতর দগ্ধ নূরে আলম ও নিরঞ্জনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। পরিচর্যাকেন্দ্রের বিছানা খালি হওয়ামাত্রই জাহাঙ্গীরকে স্থানান্তর করা হবে। নিরঞ্জনের (১৯) শ্বাসনািলসহ ৩৫ শতাংশ, নূরে আলমের (৬০) শ্বাসনািলসহ ৪৮ শতাংশ ও জাহাঙ্গীরের (৩৫) ৪৬ শতাংশ পুড়ে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মানুষ আতঙ্কগ্রস্ত হয়, এমন সংবাদ পরিবেশন না করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতি ফেস করছি। এ অবস্থায় আমরা জনগণকে আতঙ্কগ্রস্ত করব না। জনগণ যেন আতঙ্কিত না হয়, সেদিকে আপনাদের দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।’
উপজেলা পর্যায় পর্যন্ত সব চিকিৎসক যেন পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, সে জন্য একটি নির্দেশনা তৈরি করা হচ্ছে বলে জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মেডিকেল কলেজে এমবিবিএস পাঠ্যক্রমে এ বিষয়ের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পড়ানো হয়। তাই গ্রামাঞ্চলেও প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব। জনগণকে সচেতন করতে টিভি চ্যানেলে সচেতনতামূলক বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত কয়েক দিনে বার্ন ইউনিটে ১৫ জন চিকিৎসক ও ১৪ জন নার্স দেওয়া হয়েছে। সব রকম ওষুধের পর্যাপ্ত জোগান আছে। এ পর্যন্ত সোয়া কোটি টাকার ওষুধ দেওয়া হয়েছে, আরও ১০ হাজার প্যাকেট স্যালাইন পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী দগ্ধ ব্যক্তিদের পুনর্বাসনে বিত্তশালী মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুস্তাফিজুর রহমান, মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল একজন ট্রাকচালক মারা গেছেন। চলমান সহিংসতায় ঢাকার বার্ন ইউনিটে এ পর্যন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ছয়জন। আর চিকিৎসা নিয়েছেন ৮৭ জন।