চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্বতন্ত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ চালু হলেও পর্যাপ্ত জনবল ও সুযোগ-সুবিধার অভাব এখনো কাটেনি। অথচ ২৪ শয্যার ইউনিটে মেঝেতে পর্যন্ত রাখা হয়েছে রোগী। তাই অগ্নিদগ্ধ কিংবা পোড়া রোগীরা পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মারাত্মক দগ্ধ রোগীদের এখনো ঢাকায় ছুটতে হচ্ছে।জনবহুল ও শিল্প এলাকা হিসেবে চট্টগ্রামে একটি স্বয়ংসম্পূর্ণ বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল কিংবা বিভাগের কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। রোগীবিহীন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকেও বার্ন ও প্লাস্টিক সার্জারির বিশেষায়িত হাসপাতাল করার চেষ্টা হয়েছিল। কিন্তু পরে তা থেমে যায়। তাই এসব রোগীর এখন একমাত্র ভরসা চমেক হাসপাতাল।জানা গেছে, প্রতিবছর শুকনা মৌসুমে চট্টগ্রামে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার বার্ন ইউনিটে রোগী ছিল ৬৯ জন। মেঝেতে শয্যা পেতেও রাখা হয় রোগী। ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অগ্নিদুর্ঘটনার কারণে এই অবস্থা হয়েছে বলে চিকিৎসকেরা জানান। জানা গেছে, চমেক হাসপাতালে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে সার্জারি ওয়ার্ডের এক পাশে ১৩টি শয্যা দিয়ে বার্ন ইউনিট চালু করা হয়। এর আগে থেকেই সার্জারি ওয়ার্ডে পোড়া রোগীদের সেবা দেওয়া হতো।গত ৭ জুন চমেক হাসপাতালের পুরোনো ভবনের ছয়তলায় প্রসূতি ওয়ার্ডের পাশে একটি বড় কক্ষে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটটি স্থানান্তর করা হয়। নতুন স্থানে ২৪ শয্যার ব্যবস্থা করা হয়েছে। একটি অস্ত্রোপচার কক্ষও রয়েছে। কিন্তু অস্ত্রোপচার কক্ষে কোনো যন্ত্রপাতি এখনো নেই। ফলে আগের মতো সার্জারি ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষের জন্য এখনো অপেক্ষায় থাকতে হয়।চিকিৎসকদের মতে, পোড়া রোগীদের জন্য সবচেয়ে বেশি জরুরি সেবা (নার্সিং)। এ জন্য স্বতন্ত্র এই বিভাগের জন্য অন্তত ১৫ জন সেবিকার প্রয়োজন রয়েছে। অথচ সেবিকা রয়েছেন মাত্র পাঁচজন। তাঁরাও আবার পালা করে দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে ইউনিটের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মৃণাল কান্তি দাশ বলেন, ‘আমাদের বার্ন ইউনিট এখন স্বতন্ত্র। কিন্তু পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি এখনো নেই। ফলে পর্যাপ্ত সেবা দিতে সমস্যা হচ্ছে। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’জানা গেছে, ইউনিটে একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপকের পদ থাকলেও সেগুলো শূন্য পড়ে আছে। একজন সহকারী অধ্যাপকসহ মোট পাঁচজন চিকিৎসক রয়েছেন।ঢাকার ১০০ শয্যার বার্ন ইউনিট এত দিন বছরে দেড় লাখ পোড়া রোগীর একমাত্র নির্ভরযোগ্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ঢাকার পর চট্টগ্রামে একটি স্বতন্ত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল কিংবা বিভাগ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। এটি হলে ঢাকার ওপর চাপ অনেক কমবে বলে মনে করছেন চিকিৎসকেরা।চিকিৎসকদের মতে, চট্টগ্রাম শিল্প এলাকা হওয়ায় এখানে প্রতিনিয়ত অগ্নিদগ্ধ রোগী থাকে। আর পোড়া রোগীদের যত দ্রুত চিকিৎসা দেওয়া যায়, ততই তাদের জীবন শঙ্কামুক্ত থাকে।