বার্ন ইউনিটে শিশুদের প্রথম আইসিইউ
ঘরের ভেতর দেয়ালে আছে শিশুদের প্রিয় কার্টুন চরিত্র ডোরেমন, মিকি মাউস, টম অ্যান্ড জেরির রঙিন ছবি। এ ছাড়া সেখানে রয়েছে গাড়িসহ শিশুদের পছন্দের ছবি। এভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে (দোতলায়) শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং হাই ডিপেনডেন্সি ইউনিট সাজানো হয়েছে।
আগামী সপ্তাহের শুরুতে বার্ন ইউনিটে প্রথমবারের মতো শিশুদের জন্য এই সেবাকেন্দ্র চালু হতে যাচ্ছে। এটি তৈরি করে দিয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। গতকাল সোমবার বার্ন ইউনিট কর্তৃপক্ষকে এই সেবাকেন্দ্র হস্তান্তর করা হয়। এ সময় সেখানে এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সারা দেশের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, চিকিৎসকসহ গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘এখানকার চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন এবং সেবা দিচ্ছেন। আমরা এখানকার পরিবেশ উন্নয়নে এগিয়ে আসতে পারি। আর ভালো কিছু করতে চাইলে বা মানবসেবা করতে চাইলে অসহায় মানুষদের জন্য পরিচালিত এ ধরনের জায়গায় সহায়তা করা প্রয়োজন।’
হস্তান্তর পর্বের আগে কুতুবউদ্দিন আহমেদ বার্ন ইউনিটের চারতলায় চিকিৎসাধীন শিশুদের একটি ইউনিট ঘুরে দেখেন। তিনি আইসিইউতে শয্যা বাড়ানোসহ শিশুদের ইউনিটগুলোরও মানোন্নয়নের অঙ্গীকার করেন। তিনি বলেন, কেবল আইসিইউতে নয়, শিশুরা বার্ন ইউনিটে ঢুকলে সব জায়গায় একই মানের সেবা পাবে। এ ছাড়া চিকিৎসা শেষে শিশুরা যাতে বিশেষ উপহার পায়, তারও ব্যবস্থা করবেন বলে তিনি জানান। ভবিষ্যতে যত ধরনের সহায়তার প্রয়োজন হবে, তারও আশ্বাস দেন তিনি।
চিকিৎসকেরা জানান, বার্ন ইউনিটে গড়ে প্রতিদিন ১৫০ শিশু (১২ বছর) ভর্তি থাকে। তার মধ্যে ৩০ থেকে ৪০ জন শিশুর অবস্থা খারাপ থাকে। এদের বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। আপাতত শিশুদের জন্য এই আইসিইউ ১০টি শয্যা নিয়ে যাত্রা শুরু করছে। এর ভেতরে গিজার, ড্রেসিং রুম, ফ্রিজসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তবে আইসিইউর ভেতরে অন্তত ছয়টির মতো শয্যায় সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন কর্মরত চিকিৎসকেরা।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিশুদের জন্য আগে এমন সেবার কোনো ব্যবস্থা ছিল না উল্লেখ করে ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘অনেকেরই টাকা থাকে, তবে সবাই এ ধরনের কাজে এগিয়ে আসে না। কুতুবউদ্দিন আহমেদের কাছে গিয়ে একবার শুধু বলেছিলাম। তিনি এগিয়ে এসেছেন।’