বার্ন ইউনিটে ৫০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বর্তমান সংকটকালে বার্ন ইউনিটের ভূমিকা ও গুরুত্ব বিবেচনায় ব্যাংকিং সেক্টরের উদ্যোগে তিনটি বার্ন ট্যাঙ্ক স্থাপন, তিন হাজার ৫০০ বর্গফুটের ১০০ শয্যাবিশিষ্ট পৃথক একটি ইউনিট স্থাপনসহ জরুরি চিকিৎসাসামগ্রী কেনার জন্য প্রাথমিক পর্যায়ের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হবে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে তাঁর অফিসে সভা হয়। সভায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন, বিভাগীয় প্রধান আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউট স্থাপনে ব্যাংকিং খাতের সামাজিক দায়বদ্ধতার আওতায় যথাযথ আর্থিক অনুদানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরেও বার্ন ইউনিটের সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়।