বার্ন ইউনিটের একটি চক্র হাতিয়ে নিয়েছে ১০ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি একটি প্রতিষ্ঠানের কেনা ওষুধ অন্য আরেকটি প্রতিষ্ঠান নিজেদের বলে চালিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এ তথ্য পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলায় রোগীর ক্ষতে ড্রেসিং করার ওষুধ ডিওডার্ম (চার হাজার পিস) কয়েকটি কার্টনে পাওয়া যায়। এ কার্টনের গায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর লেখা ছিল। বার্ন ইউনিট কর্তৃপক্ষ এগুলো জব্দ করে। পরে বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন অধ্যাপক শহিদুল বারিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি বার্ন ইউনিটের তিন কর্মীসহ চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। একই সঙ্গে কমিটি সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়ারও সুপারিশ করে। আজ বৃহস্পতিবার কমিটি প্রতিবেদন জমা দেবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটি তদন্তে করে জানতে পায়, ঠিকাদার নাসিমের যোগসাজশে বার্ন ইউনিটের একটি চক্র ওষুধ গ্রহণে জাল কাগজপত্র তৈরি করে। তারা কার্যাদেশপত্রে কৌশলে প্রকল্প পরিচালক সামন্তলাল সেনের সই নেন। পরে রেকর্ডকিপার ওমর ফারুক ওষুধ গ্রহণ করেন। বার্ন ইউনিটের তহবিল থেকে টাকা তুলে তারা তা ভাগ করে নেয়। সূত্র জানায়, অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে লিখিত দেন এবং এর জন্য তদন্ত কমিটির কাছে তাঁরা ক্ষমাও চান। প্রকল্প পরিচালক তদন্ত কমিটিকে জানান, সুকৌশলে অভিযুক্তরা তাঁর সই নিয়েছেন।জানতে চাইলে প্রকল্প পরিচালক সামন্তলাল সেন তদন্ত কমিটি গঠন হওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি এখনো প্রতিবেদন হাতে পাননি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান শহিদুল বারি জানান, আজ তিনি প্রতিবেদন জমা দেবেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।