বার্ন ইউনিটের চিকিৎসায় সুস্থ জাহিদুল করিম

‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আমি বুঝতে পারছিলাম না আমি বাঁচব, না মরব। হাসপাতালে ভর্তি হওয়ার পর সুষ্ঠু চিকিৎসা পাব কি না, তা নিয়েও সন্দিহান ছিলাম। কিন্তু বার্ন ইউনিটের চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠেছি। এখন দাঁড়াতেও পারছি।’
৮০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার সময় এমন অভিব্যক্তি জানিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে গতকাল রোববার সকালে ছাড়পত্র পান তিনি। এ সময় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সম্মেলন-কক্ষে প্রথম আলোর পক্ষ থেকে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। গত ২৬ জুন গাজীপুর চৌরাস্তা মোড়ে একটি ভবনের ছাদে উঠে ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জাহিদুল। এতে তাঁর দুই হাত, বুক ও দুই পা মারাত্মকভাবে ঝলসে যায়।
ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্তলাল সেন এবং বার্ন ইউনিটের অধ্যাপক মো. আবুল কালাম। তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ধন্যবাদ জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি ও আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিম। এ সময় হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ১০০ শয্যার বার্ন ইউনিটে প্রতিদিন ৩৫০ জনের মতো রোগী চিকিৎসা নেন। সীমিত জনবল দিয়েই তাঁরা চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রথম আলো চিকিৎসকদের প্রতি যে কৃতজ্ঞতা জানিয়েছে, এর আগে তা কেউ করেনি। সামন্তলাল সেন জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের বার্ন ইউনিট প্রতিষ্ঠা করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পোড়ার ঘটনা রোধে মানুষকে সচেতন করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আনিসুল হক বলেন, গণমাধ্যম নেতিবাচক ঘটনা ফলাও প্রচার করে। কিন্তু মানুষ ইতিবাচক খবর পড়তে চায়। সারা দেশে যাতে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হয়, সে জন্য প্রথম আলো জোরালো ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহিদুলের তত্ত্বাবধানকারী সহযোগী অধ্যাপক রায়হানা আউয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন আবাসিক সার্জন তানভীর আহমেদ ও প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম।