বার্ন ইনস্টিটিউট হবে শেখ হাসিনার নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউটের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল রোববার মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের নাম হবে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের কোনো ব্যক্তির নামে প্রতিষ্ঠানের নামকরণ করতে হলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন হয়। খুব শিগগির ট্রাস্টের কাছে নামকরণের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
ব্রিফিংয়ে বাংলাদেশে পোড়া রোগীদের চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির ইতিহাস তুলে ধরেন বার্ন ইনস্টিটিউট প্রকল্পের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেন। তিনি বলেন, স্বাধীনতার পরপর বঙ্গবন্ধুর শাসনামলে বিদেশি চিকিৎসকদের সহায়তায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার মধ্য দিয়ে এ দেশে প্লাস্টিক সার্জারির সূত্রপাত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধ রোগীর চিকিৎসার ব্যাপারে খুবই আন্তরিক। তাঁরই আগ্রহের কারণে পাঁচ শয্যার ইউনিট এখন ৫০০ শয্যার ইনস্টিটিউটের রূপ পেতে যাচ্ছে। বর্তমানে দেশের নয়টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে দগ্ধ রোগীর চিকিৎসা হয়।
সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের উল্টোদিকে চানখাঁরপুল যক্ষ্মা ক্লিনিকের জায়গায় বার্ন ইনস্টিটিউট স্থাপিত হবে। এর নির্মাণ ব্যয় দেশীয় সম্পদ থেকে হবে।
সংবাদ ব্রিফিংয়ের পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ২৪ নভেম্বর একনেকে বার্ন ইনস্টিটিউট প্রকল্প অনুমোদিত হয়। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প ২০১৮ সালের ডিসেম্বরে শেষ হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৪৯ লাখ টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে জাইকা সনদ: পোলিও নির্মূলে সাফল্যের কারণে জাপান সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ‘জাইকা প্রেসিডেন্ট সনদ’ দিয়েছে। গতকাল মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশে জাইকার প্রতিনিধি মিকিতো হাতেইদা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে এ সনদ তুলে দেন।
অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, টিকা কর্মসূচিতে বছরে ৭৪৪ কোটি টাকা খরচ করা হচ্ছে। এর মধ্যে ২০০ কোটি টাকা দেয় বিশ্বব্যাংক ও অন্যান্য সংস্থা। আর আন্তর্জাতিক সংস্থা গ্যাভি দেয় ৫৪৪ কোটি টাকা। দেশ পোলিওমুক্ত হওয়ার পরও সরকার বছরে এই খাতে ২০ কোটি টাকা খরচ করছে।