বার্নিকাটকে পেয়ে খুশি মাদ্রাসাছাত্রীরা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ বুধবার কক্সবাজার শহরের দুটি বেসরকারি বালিকা মাদ্রাসা পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। কয়েকটি শ্রেণিকক্ষে ঢুকে তিনি ছাত্রীদের পড়াশোনাও দেখেন।
সকাল সাড়ে নয়টার দিকে মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসৈকত-সংলগ্ন ‘ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা-কক্সবাজার’-এ যান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ জাফর উল্লাহ নুরী ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান এবং স্কাউট দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রদূত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন।
অধ্যক্ষ জাফর উল্লাহ নুরী প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে কাছে পেয়ে মাদ্রাসার প্রায় আড়াই হাজার শিক্ষার্থী উৎফুল্ল। ছাত্রীদের মধ্যে এতিম আছে ৪২০ জন। মার্কিন রাষ্ট্রদূত ছাত্রীদের লেখাপড়া ও খরচের উৎস সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা বলেছি, সরকারি কিছু অনুদান, জাকাত ফান্ড ও লোকজনের সাহায্যের টাকায় ছাত্রীদের লেখাপড়া চলছে।
বেলা সাড়ে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত যান শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায়। সেখানেও তিনি শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এই মাদ্রাসায় ছাত্রী সংখ্যা প্রায় দুই হাজার। পরে তিনি মাদ্রাসার ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ৪০ জন ছাত্রী ও এতিম ছাত্রীদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন।
এই মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুই ঘণ্টাব্যাপী অবস্থানকালে মার্কিন রাষ্ট্রদূত মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করেন। আমরা বলেছি, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীরা। বিশেষ করে এতিম মেয়েদের জীবনকাহিনি শুনে হতবাক হন মার্কিন রাষ্ট্রদূত। এই মাদ্রাসায় এতিম ছাত্রী আছে ৫৬৩ জন।’
বিকেলে রাষ্ট্রদূত রামু বৌদ্ধপল্লি পরিদর্শন করেন। বিকেল চারটার দিকে মার্কিন রাষ্ট্রদূত রামু কেন্দ্রীয় সীমা বিহারে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি বিহার পরিদর্শনের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন। এ সময় বিহারের সামগ্রিক চিত্র তুলে ধরেন বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের।
বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে বার্নিকাট বলেন, ‘এখানে এসে খুব শান্তি অনুভব করছি। ২০১২ সালে যখন রামুতে সহিংসতা হয়, তখন খোঁজখবর রেখেছিলাম। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা থেকে সৃষ্টি। আমরাও চাই আপনারা সবাই ভালো থাকেন।’
সত্যপ্রিয় মহাথের বলেন, ‘আমরা ভালো আছি। সরকার আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী নিজেও আমাদের খোঁজ রাখেন।’
বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত এক ঘণ্টা সময় অবস্থানকালে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বরের রামুর বৌদ্ধপল্লিতে বর্বর হামলার নিন্দা জানান এবং সহমর্মিতা প্রকাশ করেন।
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৯ সদস্যের প্রতিনিধিদল নিয়ে মার্কিন রাষ্ট্রদূত গত সোমবার বিকেলে কক্সবাজার আসেন। ওই দিন তিনি শহরের বাহারছড়া এলাকার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরসি) কার্যালয়ে যান। সেখানে কমিশনার এম এম রিজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।
গতকাল মঙ্গলবার তিনি টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গাশিবির ও নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে জাগো ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান শেষে তাঁর ঢাকার ফেরার কথা রয়েছে।