বার্লিন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে গতকাল শনিবার জার্মানির রাজধানী বার্লিন পৌঁছেছেন। তিনি আজ রোববার বার্লিনে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলন-২০১১-এ যোগদান করবেন। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গতকাল স্থানীয় সময় বিকেলে বার্লিনের টেগেল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আওয়ামী লীগের ইউরোপ শাখার নেতারা, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে একটি মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে হোটেল অ্যাডমোন কেমপিনস্কিতে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। এ ছাড়া রয়েছে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদল।বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগদান ছাড়াও সফরকালে শেখ হাসিনা ২৫ অক্টোবর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে পারস্পরিক বিষয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী বার্লিনে বাংলাদেশ হাউসে বাংলা পাঠশালায় আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। জার্মান পরিবেশমন্ত্রী রোটজেন্ট, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিয়েবেল এবং পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারবেল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে তিনি ২৬ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।