কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, মানুষের মনোবৃত্তির জন্য অনেক দিক আছে। তার মধ্যে একটি হলো সৌন্দর্য পিপাসা। এই পিপাসা থেকেই মানুষের বিশুদ্ধ সৌন্দর্য সৃষ্টির তাড়না জাগে। তার প্রকাশ ঘটে শিল্পের অন্যতম একটি শাখা চারুকলায়। এই শিল্প হলো চর্চা ও অনুভবের বিষয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক এসব কথা বলেন।
হাসান আজিজুল হক আরও বলেন, এই ধরনের শিল্প প্রদর্শনী দর্শনার্থীদের মনে সৌন্দর্য পিপাসা বাড়িয়ে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবু তাহের, সহযোগী অধ্যাপক মো. আব্দুস সোবহান।