
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য ও ভিডিও চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিনের সভাপতিত্বে ও স্নাতকোত্তরের শিক্ষার্থী সজীব সেনের সঞ্চালনায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, ইনস্টিটিউটের অধ্যাপক ফয়জুল আজিম প্রমুখ।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পাশ্চাত্যে যে নবযুগের সূচনা হয়েছিল তার মূল বিষয় ছিল সত্য, সুন্দর, কল্যাণ, আনন্দ। আজকের পৃথিবীকে সমৃদ্ধ করেছেন চারুশিল্পীরা। চারুকলার শিক্ষার্থীরা নিজেদের শিল্পকর্ম দিয়ে বিশ্বকে আলোকিত করতে হবে। শিল্পকর্মের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান গড়ে তুলতে হবে।
প্রদর্শনীতে ইনস্টিটিউটের ১৫৯ শিক্ষার্থীর ১৫৯টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। তাদের মধ্যে শিক্ষার্থী অলক কুমার সরকার ‘প্রতিবন্ধকতা’ শিরোনামের ভাস্কর্য নির্মাণ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনেই প্রতিবন্ধকতা রয়েছে। কারও হয়তো শারীরিকভাবে, কারও বা মানসিকভাবে। আমরা কেউই প্রতিবন্ধকতার বাইরে নই। এ প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে
যেতে হবে।’