বার্ষিক পরীক্ষা শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে বারবার সময়সূচি পরিবর্তন করেও বার্ষিক পরীক্ষা শেষ করতে পারেনি বগুড়ার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে ভর্তি পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে। তবে ভর্তি পরীক্ষা যথাসময়ে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষকেরা।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছিল। কিন্তু এক মাস ধরে হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষা বারবার পিছিয়ে দিতে হয়েছে। এ সময়ের মধ্যে জেএসসি, পিএসসি পরীক্ষা বাধাগ্রস্ত হলেও শুক্রবার ও অন্য ছুটির দিনে এসব পরীক্ষা নিয়ে শেষ করা হয়েছে। কিন্তু বার্ষিক পরীক্ষা শেষ করতে পারেনি বেশির ভাগ স্কুল।

রাজনৈতিক কর্মসূচির আগেই কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষাও নিতে পারছে না। শহরের বিদ্যালয়গুলোর মধ্যে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শুধু ৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করেছে। বগুড়া জিলা স্কুল শেষ করেছে ১৩ ডিসেম্বর। এ ছাড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজসহ আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো বার্ষিক পরীক্ষা শেষ হয়নি। অথচ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম ছাড়া হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত ফরম দেওয়ার শেষ তারিখ থাকলেও বিদ্যালয়গুলো তা বাড়িয়ে ১৮ ডিসেম্বর করেছে। ২১ ডিসেম্বর এ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ জানান, নির্ধারিত সময়ে এ পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, শোনা যাচ্ছে ১৭ ডিসেম্বর থেকে লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচি আসছে।

বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, ২০ ডিসেম্বর তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহাদৎ আলম জানান, এখন পর্যন্ত বার্ষিক পরীক্ষা শেষ হয়নি। কাজেই ভর্তি পরীক্ষা কবে হবে, তা বলা যাচ্ছে না।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজার রহমান জানান, এখনো বার্ষিক পরীক্ষা শেষ হয়নি। জানুয়ারি মাসের আগে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন জানান, জানুয়ারি মাসের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা যাবে কি না, সেটা বলা যাচ্ছে না।

নিশিন্দারা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আল ফারুক হোসেন জানান, তাঁর মেয়ের এখনো বার্ষিক পরীক্ষা শেষ হয়নি। ভালো স্কুলে এবার ভর্তি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার, তা সে নিতে পারছে না। এ ছাড়া রাজনীতির যে অবস্থা, তাতে ভর্তি পরীক্ষা দিতে পারবে কি না, তা-ও বলা যাচ্ছে না।

ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রাজনৈতিক দলগুলোর ভর্তি পরীক্ষার সময় কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না।