বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে প্রথম সাময়িক পরীক্ষা!
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর দেওয়ান আলী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সূচনা ভালো প্রস্তুতি নিয়ে প্রথম সাময়িক পরীক্ষা দিতে এসেছিল। কিন্তু প্রশ্ন হাতে পেয়ে তার মাথায় হাত। কোনো প্রশ্নই যে শেখার মধ্য থেকে আসেনি! প্রশ্নপত্রের ওপরের দিকে তাকাতেই বিস্ময় আরও বেড়ে যায় তার। এটা যে আগের বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন! ব্যাপারটি পরীক্ষার হলে পর্যবেক্ষকের দায়িত্ব পালনরত শিক্ষকের নজরে আনে সূচনা। কিন্তু কঠিন তাঁর দৃষ্টি। তিনি বলেন, ‘যা পারো লিখো, পাস করাইয়া দিমুনে।’ শিক্ষকের কঠোর ভাষ্য শুনে চুপসে যায় সূচনার মতো প্রায় পৌনে দুই শ পরীক্ষার্থী। পরীক্ষা শেষে এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় হইচই। কোনো কোনো শিক্ষার্থী কেঁদেও ফেলে অকৃতকার্য হওয়ার আশঙ্কায়। ঘটনাটি ঘটে গত রোববার। সেদিন ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্রের ওপর লেখা ছিল বার্ষিক পরীক্ষা-২০১০। যেসব প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, তার কোনোটিই প্রথম সাময়িক পরীক্ষার পাঠসূচির অন্তর্ভুক্ত ছিল না। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফয়সল আহমেদ জানায়, কোনো প্রশ্নের উত্তর জানা না থাকায় সে পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারেনি। পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক জামাল উদ্দিন ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণের ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আসলে আমরা অন্য জায়গা থেকে প্রশ্ন কিনে আনি। এবার ভুলে আগের বছরের প্রশ্ন কিনে ফেলা হয়েছিল।’মুঠোফোনে কথা হয় প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু না বলে তিনি দ্রুত মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগের বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্নে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। এ রকম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।