বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী নিয়ে চারুকলায় উৎসবমুখর পরিবেশ
কাঠফাটা রোদ। শাহবাগ মোড় পেরিয়ে চারুকলা অনুষদের মূল দরজায় উঁকি দিয়ে দেখা গেল বেশ উৎসবমুখর পরিবেশ। জয়নুল গ্যালারির দেয়ালে শোভা পাচ্ছে নানা রকমের চিত্রকর্ম। বকুলতলায় শিক্ষার্থীরা ব্যতিব্যস্ত। কেউ মঞ্চ সাজাচ্ছেন, কেউ ঠিকঠাক করছেন শব্দযন্ত্র। জ্যৈষ্ঠের খরতাপ উপেক্ষা করে তাঁদের এই কর্মযজ্ঞের উপলক্ষ বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার থেকে অনুষদের জয়নুল গ্যালারি ও বিভিন্ন বিভাগে শুরু হয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। চারুকলা অনুষদের ডিন শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী মতলুব আলী।দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিল্পীরা সর্বদা সত্যের অন্বেষণ করেন। তাঁদের মননশীল চেতনা ও কর্ম জাতিকে আগামী দিনের দিকনির্দেশনা দেয়। তিনি সেরা শিল্পকর্মের জন্য বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী চারুকলা অনুষদের আটটি বিভাগের ২৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন সুমন কুমার বড়াল, সোমা সুরভী জান্নাত, আবদুল্লাহ আল বশির, পূর্ণিমা মণ্ডল, নাফিসা আনারকলি, রাজীব কুমার সাহা, সনদ কুমার বিশ্বাস, আরিফা খানম, ফারহানা রাজ্জাক।শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন পারভেজ হাসান, সৈয়দ ফিদা হোসেন, রিয়াদ হোসেন ও আরিফুল ইসলাম। নিরীক্ষাধর্মী কাজ ও বিভাগীয় মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন কামালুদ্দিন ও নয়ন কুমার অধিকারী, নিত্যানন্দ গাইন ও রুমানা রহমান, গোপাল চন্দ্র সাহা ও সুকান্ত মধু, তিরানা খান ও সাদিয়া মিজান, অনন্যা দে ও সৈয়দা ফারজানা হোসেন, রেদওয়ানুল আলম ও সৈয়দ তারেক রহমান, সন্দ্বীপ কুমার দেবনাথ ও ঋতুপর্ণা ধর এবং রুক্মিণী রিকভানা কিউ চৌধুরী। প্রদর্শনী ৩১ মে পর্যন্ত খোলা থাকবে। ‘পা ভাঙা চড়ুই’ আড্ডা ‘কবিতা আশাবাদীর কথা বলে। ন্যায়ের পক্ষে কাজ করে। কবিতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।’ কথাগুলো বলছিলেন কবি রফিক আজাদ গতকাল ধানমন্ডির প্লাজা এ আরে সময় প্রকাশনার গ্রন্থ উৎসবে আয়োজিত ‘পা ভাঙা চড়ুই’ শীর্ষক আড্ডায়। সময় প্রকাশনীর ১০ দিনের এই উৎসব শুরু হয়েছে ১৩ মে।প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের কবিতা নিয়ে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘পা ভাঙা চড়ুই’ নিয়ে গতকাল সন্ধ্যায় ছিল জমজমাট আড্ডা। বইটি সম্পাদনা করেন সাইদুজ্জামান রওশন ও আইয়ূব সরকার। অনুষ্ঠানের শুরুতে সময় প্রকাশনার ফরিদ আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। আড্ডায় ছিল তরুণ কবিদের অনুভূতি ও কবিতা পাঠ। কবিতা পাঠ করেন আবেদা সুলতানা, আব্দুল্লাহ নূহ, ফারাহ দিবা, আবু সাঈদ, মৃণ্ময় মারুফ ও তাসনুবা অরিণ। আড্ডার একসময় উপস্থিত হন বিচারপতি হাবিবুর রহমান। তিনি বলেন, ‘জীবনে ৬৭ বছরে এসে প্রথম কবিতা লিখি। যাঁরা কবিতা লিখছেন, তাঁরা লিখে যান।’ তিনি বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কবি আসাদ চৌধুরী, কাজী রোজী ফারসি মান্নান মোহাম্মদী, ফারহানা মান্নান, রিয়াদুর হাওলাদার, জিনাত নাজিয়া, মোহাম্মদ আলী। বক্তব্যের শেষে নজরুলের কবিতা আবৃত্তি করেন সামিউল আজিজ। প্রকাশক ফরিদ আহমেদ সবাইকে ধন্যবাদ জানান। আজ বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে তরুণ কবি সাহিত্যিকদের সঙ্গে আড্ডা। ফরাসি নাট্য উৎসব শেষ হচ্ছে আজ আজ শুক্রবার থেকে শেষ হচ্ছে আন্তফরাসি নাট্য উৎসব। ফরাসি নাট্যকারের নাটক নিয়ে আয়োজিত এ উৎসবে প্রতিদিন বিপুল দর্শক এসেছে আগ্রহ নিয়ে। এ দিন জাতীয় নাট্যশালায় ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক পরিবেশন করে সামুয়্যেল ব্যাকেটের সব ঝরে পড়ে নাটকটি। অনুবাদ করেছেন অধ্যাপক কবীর চৌধুরী। নির্দেশনায় অসীম দাস। পরে ছিল একই মঞ্চে মার্ক ক্যামোলোতি রচিত ডোন্ট ড্রেস ফর ডিনার-এর বাংলা রূপান্তরিত নাটক ঠাকুর ঘরে কে রে?। অনুবাদ ও নির্দেশনায় ছিলেন আল নোমান। পরিবেশন করে যৌথভাবে ‘নাটুকে’ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র। আজ উৎসবরে শেষ দিনে ফেইম স্কুল অব ড্রামা পরিবেশন করবে সিক্সাস রচিত, অসীম দাস অনূদিত ও নির্দেশিত নাটক ড্রামস অন দ্য ড্যাম।